গঙ্গার ঘাটে শুয়ে আছেন সুনীল গ্রোভার, চেনা দায়
বিনোদন ডেস্ক: ভারতের জনপ্রিয় কমেডিয়ান ও অভিনেতা সুনীল গ্রোভারকে দেখা গেল একদম ভিন্ন এক রূপে। গঙ্গার ঘাটে সাধারণ পথচারী ও পুণ্যার্থীদের মাঝে সাদামাটা পোশাকে শুয়ে থাকতে দেখা গেছে তাকে। তার এই সাদামাটা জীবনযাপনের মুহূর্তটি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
গতকাল রাতে ইনস্টাগ্রামে নিজের এই ভিডিওটি শেয়ার করেন সুনীল। ভিডিওর ক্যাপশনে কিছুটা রসিকতা করে তিনি লিখেছেন, ‘তারে জমিন পার’। প্রতিবেদনটি লেখার সময় পর্যন্ত ভিডিওটির ভিউ ৫২ লাখ ছাড়িয়েছে। যদিও ভিডিওটি কোথায় ধারণ করা হয়েছে তা স্পষ্ট করেননি অভিনেতা, তবে ধারণা করা হচ্ছে এটি ঋষিকেশ বা হরিদ্বারের কোনো একটি ঘাট।
সুনীলের এই ভিডিও দেখে নেটিজেনরা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ কেউ তার এই মাটির মানুষ সুলভ আচরণের প্রশংসা করে লিখেছেন, “এ কারণেই সবাই আপনাকে এত ভালোবাসেন।” আবার কেউ কেউ রসিকতা করে মন্তব্য করেছেন, “ভিডিও করা হয়ে গেছে, এবার হোটেলে ফিরে যান!”
তারকাজীবনের চাকচিক্যের বাইরে সুনীল গ্রোভার সবসময়ই একটু সাদামাটা জীবন পছন্দ করেন। এর আগেও তাকে প্রান্তিক এলাকায় হ্যান্ডপাম্পে কাপড় ধুতে কিংবা চুলার পাশে বসে রুটি সেঁকতে দেখা গিয়েছিল। কাজের বাইরে সাধারণ মানুষের সাথে মিশে যাওয়ার এই স্বভাবই তাকে ভক্তদের কাছে অন্য উচ্চতায় নিয়ে গেছে।
ছোট পর্দার অন্যতম সফল কমেডিয়ান সুনীল গ্রোভার তার অদ্ভুত সব অনুকরণ ও সহজাত অভিনয়ের জন্য সবসময়ই দর্শকদের আলোচনার শীর্ষে থাকেন।
জান্নাত সকালবেলা
|