সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন-আল-রশিদের জানাজা অনুষ্ঠিত

প্রকাশ: শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:৪২ অপরাহ্ণ
সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন-আল-রশিদের জানাজা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন-আল-রশিদের নামাজে জানাজা শুক্রবার (১৯ জুন) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তার মৃত্যু হয়।

জানাজার নামাজ পরিচালনা করেন বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের পেশ ইমাম ক্বারী মো. আবু রায়হান। জানাজার পূর্বে মরহুমের জীবনীর ওপর আলোকপাত করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য মো. খালেদ হোসেন মাহবুব। জানাজায় মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা অংশ নেন।

জানাজাপূর্ব বক্তব্যে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, “হারুন আল রশিদ একজন বিশিষ্ট পার্লামেন্টারিয়ান ছিলেন। তিনি পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি ব্যক্তিজীবনে অত্যন্ত অমায়িক ও সজ্জন ছিলেন এবং সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন।” তিনি আরও উল্লেখ করেন, হারুন আল রশিদ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অত্যন্ত আস্থাভাজন ছিলেন এবং তার মৃত্যুতে দেশ একজন নিবেদিতপ্রাণ দেশপ্রেমিক নেতাকে হারিয়েছে।

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্য রাজনৈতিক নেতৃবৃন্দ এবং মরহুমের পরিবারের পক্ষ থেকে তার আত্মার মাগফিরাত কামনা করা হয়। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল মরহুমের সততা ও নিষ্ঠার ভূয়সী প্রশংসা করে তার আদর্শকে অনুকরণীয় বলে উল্লেখ করেন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে হারুন আল রশিদ দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে এবং জাতীয়তাবাদী রাজনীতির বিকাশে অনন্য ভূমিকা পালন করেছেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ব্রাহ্মণবাড়িয়াসহ সারা দেশের রাজনৈতিক অঙ্গনে।

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন