জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবায় সূর্যের হাসি নেটওয়ার্ক

প্রকাশ: শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:৫১ অপরাহ্ণ
জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবায় সূর্যের হাসি নেটওয়ার্ক
নিজস্ব প্রতিবেদক: শিশুদের হাম ও রুবেলার মতো প্রতিরোধযোগ্য রোগের ঝুঁকি কমাতে সরকারি কর্মসূচির পাশাপাশি বড় ভূমিকা রাখছে ‘সূর্যের হাসি নেটওয়ার্ক’। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মফস্বল ও শহর পর্যন্ত বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে প্রতিষ্ঠানটি গত ২৯ বছর ধরে মানসম্মত ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা প্রদান করে আসছে।

সূর্যের হাসি নেটওয়ার্ক তাদের ক্লিনিকসমূহের মাধ্যমে নিয়মিতভাবে শিশুদের যক্ষ্মা, ডিপথেরিয়া, হুপিং কাশি, পোলিও, হাম, রুবেলা, নিউমোনিয়া ও কলেরাসহ বিভিন্ন জীবনরক্ষাকারী টিকা প্রদান করছে। প্রতিষ্ঠানটির তথ্যমতে, গত পাঁচ বছরে তারা রেকর্ড অনুযায়ী প্রায় ৫০ লক্ষ শিশুকে টিকা দিয়েছে। মাঠপর্যায়ে কাজের ব্যাপকতার কারণে প্রকৃত সংখ্যা রেকর্ডকৃত সংখ্যার চেয়ে আরও অনেক বেশি বলে ধারণা করা হচ্ছে। এছাড়া তারা কিশোরী ও মায়েদের জরায়ুমুখ ক্যান্সার ও ধনুষ্টঙ্কারের মতো রোগের টিকাও প্রদান করে থাকে।

ইউএসএইড-এর অর্থায়নে যাত্রা শুরু করা এই নেটওয়ার্কটি গর্ভবতী মায়েদের জন্য গর্ভকালীন সেবা, নিরাপদ প্রসব এবং প্রসব-পরবর্তী মা ও নবজাতকের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে জাতীয় পর্যায়ে মাতৃ ও শিশু মৃত্যুহার হ্রাসে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। অনুদানবিহীন কঠিন বাস্তবতার মধ্যেও তারা সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছে সাধারণ মানুষের দোরগোড়ায়।

বর্তমান হাম পরিস্থিতির প্রেক্ষাপটে সকল অভিভাবকের প্রতি আহ্বান জানিয়ে প্রতিষ্ঠানটি বলেছে, শিশুদের বয়স অনুযায়ী প্রয়োজনীয় টিকা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। নিকটস্থ সূর্যের হাসি ক্লিনিক, সরকারি স্বাস্থ্যকেন্দ্র অথবা অনুমোদিত স্বাস্থ্যসেবা কেন্দ্রে যোগাযোগ করে শিশুদের সুরক্ষিত রাখতে অভিভাবকদের উৎসাহিত করা হয়েছে।

একটি সুস্থ মা ও নিরাপদ নবজাতকের জন্য সময়মতো টিকাদান এবং সঠিক স্বাস্থ্যসেবা গ্রহণই আগামী প্রজন্মের ভবিষ্যৎ উজ্জ্বল করার অন্যতম কার্যকর উপায়।

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন