তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন সরকারের তিন মন্ত্রী

প্রকাশ: শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ণ
তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন সরকারের তিন মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: দেশের সেচ ও বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থার অন্যতম প্রধান স্থাপনা তিস্তা ব্যারাজ এলাকা পরিদর্শন করেছেন সরকারের তিন শীর্ষ মন্ত্রী। শুক্রবার (১৯ জুন) দুপুরে পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরি এ্যানি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ব্যারাজ এলাকায় পৌঁছান।

মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা তিস্তা ব্যারাজ ও এর নিকটবর্তী ক্ষতিগ্রস্ত এলাকাগুলো ঘুরে দেখেন। পরবর্তীতে তারা তিস্তা অবসর হলরুমে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় মিলিত হন। সভায় তিস্তা অববাহিকার নদীভাঙন পরিস্থিতি, বন্যা নিয়ন্ত্রণ এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলোর বর্তমান অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

পরিদর্শনকালে স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান ও লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল। এছাড়া পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব, নীলফামারী ও লালমনিরহাট জেলা প্রশাসক এবং প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় মন্ত্রীদের সাথে ছিলেন।

তিস্তা অববাহিকার মানুষ প্রতি বছর বর্ষা মৌসুমে নদীভাঙনের শিকার হন। এই অঞ্চলকে ভাঙন থেকে রক্ষা করা ও সেচ সুবিধা বৃদ্ধির লক্ষ্যে দীর্ঘমেয়াদী এবং টেকসই উন্নয়নের ওপর সরকারের শীর্ষ নীতি-নির্ধারকরা বিশেষ গুরুত্বারোপ করেছেন। ব্যারাজ পরিদর্শন ও কর্মকর্তাদের সাথে আলোচনার মাধ্যমে নদীশাসনের নতুন কোনো কার্যকর পরিকল্পনা নেওয়া হতে পারে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন