৭ রানে হারল বাংলাদেশ, সিরিজ জিতল অস্ট্রেলিয়া

প্রকাশ: শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:৫২ অপরাহ্ণ
৭ রানে হারল বাংলাদেশ, সিরিজ জিতল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক: চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৭ রানে হেরে এক ম্যাচ আগেই সিরিজ খোয়ালো বাংলাদেশ। সফরকারীদের দেওয়া ১৯৬ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ সংগ্রহ করে ৬ উইকেটে ১৮৯ রান।

টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। রেনশোর দুর্দান্ত ৮৯ রানের সুবাদে সফরকারীরা নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৬ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়।

জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা খুব একটা আশাব্যঞ্জক না হলেও শেষ দিকে লড়াইয়ে ফেরে স্বাগতিকরা। জয়ের জন্য শেষ দুই ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল ৩৪ রান। নাথান এলিসের ১৯তম ওভারে বাংলাদেশ মাত্র ১১ রান সংগ্রহ করলে শেষ ৬ বলে সমীকরণ দাঁড়ায় ২৩ রানের। শেষ ওভারে হার্ডির বিপক্ষে তাওহীদ হৃদয় ও সাকলাইন চেষ্টা চালালেও ১৫ রানের বেশি তুলতে পারেননি। ফলে ৭ রানের হারের তিক্ত স্বাদ নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

এই জয়ের মাধ্যমে তিন ম্যাচ সিরিজের দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করল অস্ট্রেলিয়া। তবে সিরিজে এখনো একটি ম্যাচ বাকি রয়েছে।

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন