১২ সিনিয়র সহকারী সচিবকে বদলি ও নতুন পদে পদায়ন

প্রকাশ: শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:০১ অপরাহ্ণ
১২ সিনিয়র সহকারী সচিবকে বদলি ও নতুন পদে পদায়ন
নিজস্ব প্রতিবেদক: বিসিএস প্রশাসন ক্যাডারের ১২ জন কর্মকর্তাকে পদোন্নতি ও বদলি করে নতুন কর্মস্থলে পদায়ন করেছে সরকার। বৃহস্পতিবার (১৮ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, চারজন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) পদোন্নতি দিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর পাশাপাশি তাদেরকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতাও অর্পণ করা হয়েছে।

মো. খায়রুল ইসলাম (কালিহাতী ইউএনও) থেকে জামালপুরের এডিসি। মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী (রাঙামাটি সদর ইউএনও) থেকে খাগড়াছড়ির এডিসি। সজীব কান্তি রুদ্র (কর্ণফুলী ইউএনও) থেকে বান্দরবানের এডিসি। রিগ্যান চাকমা (সোনাগাজী ইউএনও) থেকে চাঁদপুরের এডিসি।

অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে কর্মরত দুই কর্মকর্তার কর্মস্থল পরিবর্তন করা হয়েছে। মোহাম্মদ নাহিদ হাসান খানকে কিশোরগঞ্জ থেকে সাতক্ষীরায় এবং মো. আবু তালেবকে বান্দরবান থেকে ব্রাহ্মণবাড়িয়ায় বদলি করা হয়েছে।

প্রশাসন ক্যাডারের ছয় কর্মকর্তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়নের লক্ষ্যে বিভিন্ন বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে:

মংচিংনু মারমা ও নাজমুল হুসাইনকে যথাক্রমে সিলেট ও ঢাকা বিভাগে। কাজী তাহমিনা শারমিনকে রাজশাহী বিভাগে। লাভলী ইয়াসমিন, শাহনাজ পারভীন বীথি ও নূরী তাসমিন ঊর্মিকে খুলনা বিভাগে ন্যস্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে কয়েকজনকে আগামী ২৪ জুনের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদানে ব্যর্থ হলে তারা তাৎক্ষণিকভাবে স্ট্যান্ড রিলিজ বলে গণ্য হবেন।

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন