নবীন চিকিৎসকদের রাজনীতিতে জড়াবেন না: স্বাস্থ্যমন্ত্রী

নবীন চিকিৎসকদের রাজনীতিতে জড়াবেন না: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: দেশের বৃহত্তর জনগোষ্ঠীর সেবার স্বার্থে নবীন চিকিৎসকদের রাজনৈতিক কর্মকাণ্ডে না জড়ানোর আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. শাখাওয়াত হোসেন। রোববার (১ মার্চ) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) রেসিডেন্সি প্রোগ্রামে ভর্তি হওয়া চিকিৎসকদের 'ইনডাকশন' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “এক জরিপে দেখা গেছে, ৮১ শতাংশ শিক্ষার্থী মনে করেন রাজনীতি শিক্ষা গ্রহণে ব্যাঘাত ঘটায়। তাই আমি শিক্ষক-শিক্ষিকাদের অনুরোধ করব, নবীন এসব মেধাবী চিকিৎসকদের ওপর রাজনীতির চাপ দেবেন না। বরং তাদের গবেষণায় আরও কীভাবে মনোযোগী করা যায়, সেই সুযোগ তৈরি করে দিন।”

চিকিৎসা পেশার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “চিকিৎসা বিদ্যায় জানার কোনো শেষ নেই। শুধু বই পড়লে চলবে না; রোগী দেখতে দেখতে হাতে-কলমে শিখতে হবে। চিকিৎসকদের সবচেয়ে বড় গুণ হতে হবে মানবিকতা। রোগীদের সাথে ভালো আচরণ ও হাসিখুশিভাবে কথা বলা চিকিৎসারই একটি অংশ।”

দেশের রোগীদের বিদেশমুখী হওয়া প্রসঙ্গে মন্ত্রী আক্ষেপ করে বলেন, “অনেকে চিকিৎসার জন্য বিদেশে যান। এর পেছনে কেবল উন্নত প্রযুক্তি নয়, বরং চিকিৎসকদের আচরণেরও একটি বড় দায় রয়েছে। আমাদের এই মানসিকতা পরিবর্তন করতে হবে।”

তিনি বর্তমান প্রধানমন্ত্রীর সাদাসিধে জীবনযাপনের উদাহরণ টেনে বলেন, “আমরা এমন একজন প্রধানমন্ত্রী পেয়েছি যিনি সরকারি গাড়িতে পতাকা নেন না, পায়ে হেঁটে সচিবালয়ে অফিস করেন। মলিকুলার ল্যাব স্থাপন ও চিকিৎসকদের বাসস্থানের বিষয়ে যে প্রস্তাবগুলো এসেছে, তা নিয়ে আমরা প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেব।” এছাড়া বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ৬৬ একরের মেগা প্রকল্প বাস্তবায়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলেও তিনি জানান।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন