রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে সেনাপ্রধান, পাবেন বিশেষ সম্মাননা

রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে সেনাপ্রধান, পাবেন বিশেষ সম্মাননা

নিজস্ব প্রতিবেদক: সরকারি সফরে মার্কিন যুক্তরাষ্ট্রে গেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। গতকাল শনিবার (২৮ মার্চ) তিনি ঢাকা ত্যাগ করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে এই সফরের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

সফরকালে সেনাবাহিনী প্রধানের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে। বিশেষ করে জর্জিয়া স্টেট ক্যাপিটলের উদ্যোগে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ একটি সম্মাননা প্রস্তাব (Recognition Resolution) গ্রহণ করবেন তিনি। এছাড়া জর্জিয়া স্টেট সিনেট চেম্বারে একটি বিশেষ লেকচার অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন জেনারেল ওয়াকার-উজ-জামান।

আইএসপিআর জানায়, এই সফরে যুক্তরাষ্ট্রের উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সাথে সেনাবাহিনী প্রধানের দ্বিপাক্ষিক বৈঠকের পরিকল্পনা রয়েছে। এসব বৈঠকে দুই দেশের সামরিক সহযোগিতা বৃদ্ধি, প্রশিক্ষণ আদান-প্রদান এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো প্রাধান্য পাবে।

জেনারেল ওয়াকার-উজ-জামানের এই সফর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশি শান্তিরক্ষীদের ভাবমূর্তি উজ্জ্বল করবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য করুন