ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: মধ্যপ্রাচ্যে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে শুরু হওয়া পাল্টাপাল্টি সামরিক হামলার প্রেক্ষাপটে উদ্ভূত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ সরকার। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের সঙ্গে আলাপকালে এ কথা জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় ওমরাহযাত্রীসহ কয়েক হাজার মানুষ বিমানবন্দরে আটকা পড়লে মন্ত্রী সেখানে উপস্থিত হয়ে সার্বিক পরিস্থিতি তদারকি করেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ধর্মমন্ত্রী শাহজালাল বিমানবন্দর পরিদর্শন করে সেখানে আটকে পড়া যাত্রীদের দুর্ভোগ ও উদ্বেগের কথা শোনেন। এই কঠিন সময়ে সরকার তাঁদের পাশে রয়েছে বলে আশ্বস্ত করে মন্ত্রী বলেন, যাত্রীদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করাই এখন সরকারের প্রধান অগ্রাধিকার। বিশেষ করে ওমরাহযাত্রীদের আবাসন ও খাবারের বিষয়ে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়া মাত্রই দ্রুততম সময়ে যাতে সবাই নিজ গন্তব্যে পৌঁছাতে পারেন, সেজন্য সংশ্লিষ্ট বিমান সংস্থা ও সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় বজায় রাখা হচ্ছে। এসময় তিনি উদ্ভূত সংকটে সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানান।
শনিবার সকালে ইরান লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরু হলে মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়। এর জবাবে ইরানও ইসরায়েল এবং ওই অঞ্চলের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এই পাল্টাপাল্টি হামলার প্রভাবে মধ্যপ্রাচ্যের দেশগুলোর আকাশসীমা বন্ধ করে দেওয়ায় ঢাকা থেকে সংশ্লিষ্ট সব আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। বর্তমানে বিমানবন্দর কর্তৃপক্ষ ও সরকারি বিভিন্ন সংস্থা আটকে পড়া যাত্রীদের সঠিক তথ্য প্রদান ও জরুরি সহায়তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ফ্লাইট চলাচলের বিষয়টি অনিশ্চিত বলে জানা গেছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ