ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ইরান-ইসরায়েল সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়া উত্তপ্ত পরিস্থিতিতে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় ৩ বাংলাদেশি প্রবাসী আহত হয়েছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের খোঁজখবর নিতে গিয়ে সাংবাদিকদের এ তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তবে আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মন্ত্রী জানান, উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে এখন পর্যন্ত ২৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে। কুয়েত, কাতার, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ থাকায় এই অচলাবস্থা তৈরি হয়েছে। ফ্লাইট বাতিল হওয়া যাত্রীদের থাকার জন্য সিভিল অ্যাভিয়েশনে ৮০০ জন এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে আরও ৫০ জনের বিশেষ আবাসন ও খাবারের ব্যবস্থা করা হয়েছে। মন্ত্রী আরও বলেন, "বিদেশে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তায় সংশ্লিষ্ট মিশন ও দূতাবাসগুলোকে সর্বোচ্চ সতর্ক থাকার এবং প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।"
এদিকে, শনিবার সকাল থেকে ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় এখন পর্যন্ত অন্তত ২০১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশে একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে হামলায় ৫৩ জন শিক্ষার্থীসহ মোট ৮০ জন নিহত হয়েছেন। এর জবাবে ইরানও পাল্টা হামলা শুরু করেছে। আবুধাবিতে ইরানের হামলায় একজন নিহত হয়েছেন এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটিতেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। তবে ইরানের প্রেসিডেন্ট ও সেনাপ্রধান নিহত হওয়ার খবরটি অস্বীকার করেছে ইরান সরকার। পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ সরকার প্রবাসীদের জন্য জরুরি পরামর্শ জারি করেছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ