মধ্যপ্রাচ্যে উত্তেজনা: ঢাকা থেকে সব ফ্লাইট স্থগিত, খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: ঢাকা থেকে সব ফ্লাইট স্থগিত, খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: মধ্যপ্রাচ্যে বিরাজমান যুদ্ধ পরিস্থিতি ও তীব্র উত্তেজনার প্রেক্ষাপটে বাংলাদেশ থেকে ওই অঞ্চলের দেশগামী সব ধরনের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। ইরানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল থেকেই ঢাকা থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়। এর ফলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাজার হাজার যাত্রী আটকা পড়েছেন, যাদের বড় একটি অংশ প্রবাসী শ্রমিক এবং ইউরোপ ও আমেরিকাগামী কানেক্টিং ফ্লাইটের যাত্রী। পরিস্থিতির আকস্মিক অবনতিতে গভীর অনিশ্চয়তার মুখে পড়েছেন বিদেশগামী এই নাগরিকরা।

উদ্ভূত পরিস্থিতিতে শনিবার রাত সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি আটকা পড়া যাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের দুর্ভোগ লাঘবে নেওয়া সহায়তা ব্যবস্থাগুলো তদারকি করেন। পরিদর্শনকালে সংবাদ সম্মেলনের একপর্যায়ে প্রধানমন্ত্রী তারেক রহমান টেলিফোনে মন্ত্রীর সঙ্গে কথা বলেন এবং বিমানবন্দরে অবস্থানরত যাত্রীদের বর্তমান অবস্থা ও সুযোগ-সুবিধার খোঁজখবর নেন। প্রধানমন্ত্রী যাত্রীদের নিরাপত্তা ও সেবা নিশ্চিতে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশ প্রদান করেন।

প্রবাসী কল্যাণ মন্ত্রী জানান, মন্ত্রণালয় ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) যৌথভাবে আটকে পড়া যাত্রীদের আবাসন ও খাবারের ব্যবস্থা করছে। এর মধ্যে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৫০ জন এবং সিভিল এভিয়েশনের পক্ষ থেকে আরও ৮০০ জনের থাকার জায়গা নিশ্চিত করা হয়েছে। এছাড়া ওমানের মাস্কাটগামী ৫৩ জন যাত্রী, যারা সিলেট থেকে ঢাকায় এসেছিলেন, তাদের হোটেলে স্থানান্তর করা হয়েছে এবং সেহরির বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। আজ রোববার তাদের নিজস্ব গন্তব্যে ফিরিয়ে নিতে এসি বাসের ব্যবস্থা করা হয়েছে বলে মন্ত্রী নিশ্চিত করেন। উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের আকাশসীমা পুনরায় উন্মুক্ত না হওয়া পর্যন্ত ফ্লাইট চলাচল স্বাভাবিক হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন