মেসির জোড়া গোল: অরল্যান্ডো সিটিকে উড়িয়ে ইন্টার মায়ামির দুর্দান্ত জয়

মেসির জোড়া গোল: অরল্যান্ডো সিটিকে উড়িয়ে ইন্টার মায়ামির দুর্দান্ত জয়

মেজর লিগ সকারের (এমএলএস) রেগুলার সিজনের দ্বিতীয় ম্যাচে প্রথম জয়ের মুখ দেখল ইন্টার মায়ামি। এলএ গ্যালাক্সির কাছে হার দিয়ে মৌসুম শুরু করা মায়ামি রোববার রাতে অরল্যান্ডো সিটি এসসির মাঠে দুই গোলে পিছিয়ে পড়েও ৪-২ ব্যবধানে এক স্মরণীয় জয় তুলে নিয়েছে। জয়ের নায়ক লিওনেল মেসি করেছেন জোড়া গোল।

ইন্টারঅ্যান্ডকো স্টেডিয়ামে ম্যাচের ১৮ মিনিটে মার্কো পাসালিচ এবং ২৪ মিনিটে মার্টিন ওডেজার গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিক অরল্যান্ডো। তবে দ্বিতীয়ার্ধে খোলস ছেড়ে বেরিয়ে আসে গতবারের চ্যাম্পিয়ন মায়ামি। ম্যাচের ৪৯ মিনিটে মাতেও সিলভেত্তি ব্যবধান কমিয়ে ২-১ করেন। এরপর শুরু হয় মেসি ও তেলাসকো সেগোভিয়া শো। ৫৭ মিনিটে সেগোভিয়ার পাসে গোল করে স্কোর ২-২ করেন মেসি। ৮৫ মিনিটে সেগোভিয়া একক প্রচেষ্টায় মায়ামিকে লিড এনে দেন। আর ম্যাচের ৯০ মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে নিজের দ্বিতীয় গোল করে দলের ৪-২ ব্যবধানের জয় নিশ্চিত করেন আর্জেন্টাইন খুদে জাদুকর।

মায়ামির কোচ জাভিয়ের মাসচেরানো ম্যাচ শেষে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘এই জয় শুধুই খেলোয়াড়দের। দ্বিতীয়ার্ধে তারা ছিল একটি চ্যাম্পিয়নশিপ দল। এখানে কোনো কৌশল ছিল না, ছিল শুধু হৃদয়, সাহসিকতা আর ঘুরে দাঁড়ানোর ক্ষমতা।’ মেসিকে নিয়ে তিনি যোগ করেন, ‘সে সর্বকালের সেরা খেলোয়াড় এবং একজন প্রকৃত নেতা যে অন্যদের অনুপ্রাণিত করে।’

এই জোড়া গোলের মাধ্যমে এমএলএস রেগুলার সিজনে নিজের প্রথম ৫৫ ম্যাচে ৫২টি গোল পূর্ণ করলেন মেসি। এর মধ্যে শেষ ৪৯ ম্যাচেই এসেছে ৫১টি গোল। এই অর্জনে মেসির ক্যারিয়ারের মোট গোল সংখ্যা এখন ৮৯৮টি (বার্সেলোনার হয়ে ৬৭২ এবং আর্জেন্টিনার জার্সিতে ১১৫টি)। দশমবারের প্রচেষ্টায় এই প্রথম অরল্যান্ডোর মাঠে জয়ের স্বাদ পেল ইন্টার মায়ামি।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন