ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
দেশের বাজারে সোনার দাম আরেক দফা বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ৫ হাজার ৪২৪ টাকা পর্যন্ত বাড়িয়ে ভালো মানের (২২ ক্যারেট) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকা।
সোমবার (২ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে বলে বাজুস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় এই সমন্বয় করা হয়েছে। গতকাল ২২ ক্যারেট সোনার দাম ছিল ২ লাখ ৬৮ হাজার ৬৮০ টাকা। নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ৬১ হাজার ৬৮২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ২৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৮৩ হাজার ৫৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোনার পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম এখন ৭ হাজার ১৭৩ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের ভরি ৬ হাজার ৬৮২ টাকা, ১৮ ক্যারেটের ৫ হাজার ৮৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৪ হাজার ৪৩২ টাকা করা হয়েছে।
ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধাবস্থার প্রভাবে বিশ্ববাজারেও সোনার দাম ঊর্ধ্বমুখী। আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম এখন ৫ হাজার ৩৫৬ ডলারে উঠেছে, যা গতকাল ছিল ৫ হাজার ২৭৮ ডলার। এর আগে গত ২৯ জানুয়ারি দেশের ইতিহাসে সর্বোচ্চ ২ লাখ ৮৬ হাজার টাকায় পৌঁছেছিল সোনার দাম। বৈশ্বিক অস্থিরতা দীর্ঘায়িত হলে জ্বালানি ও বিমা ব্যয়ের পাশাপাশি মূল্যবান এই ধাতুর দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ