ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ঢাকার জনপ্রিয় গণপরিবহন মেট্রোরেল স্টেশনে কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি কিংবা যেকোনো ধরনের কনটেন্ট তৈরি সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এক সতর্কীকরণ বিজ্ঞপ্তির মাধ্যমে এই কঠোর নির্দেশনা প্রদান করেছে। গত ১৭ ফেব্রুয়ারি ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিটি বুধবার (২৫ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠানের দাপ্তরিক ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে সুনির্দিষ্টভাবে জানানো হয়েছে যে, মেট্রোরেল স্টেশন এলাকা, প্ল্যাটফর্ম, কনকোর্স হল, প্রবেশ ও বাহির পথ, ট্রেনের ভেতর এবং সংশ্লিষ্ট যেকোনো স্থাপনায় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া শর্ট ভিডিও তৈরি করে ইউটিউব বা সোশ্যাল মিডিয়ায় প্রচার করা যাবে না। এছাড়া বাণিজ্যিক কিংবা ব্যক্তিগত উদ্দেশ্যে ফটোগ্রাফি, লাইভ স্ট্রিমিং, শুটিং বা যেকোনো প্রকার ডিজিটাল কনটেন্ট কার্যক্রম পরিচালনা করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। মূলত যাত্রী নিরাপত্তা নিশ্চিত করা এবং স্টেশনে শৃঙ্খলা বজায় রাখতেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।
কর্তৃপক্ষ আরও সতর্ক করে দিয়েছে যে, অনুমতি ছাড়া এসব কার্যক্রম পরিচালনা করলে বিদ্যমান আইন ও নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে কেউ যদি বাণিজ্যিক উদ্দেশ্যে শুটিং বা ফটোগ্রাফি করতে চান, তবে তাকে নির্ধারিত প্রক্রিয়ায় কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হবে। আবেদন যাচাই-বাছাই শেষে অনুমতি সাপেক্ষে নির্দিষ্ট নীতিমালা মেনে কাজ করা যাবে। মেট্রোরেলের আধুনিক ও সুশৃঙ্খল পরিবেশ রক্ষায় যাত্রী সাধারণকে এই নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছে ডিএমটিসিএল।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ