ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলি ও দেশের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সামরিক বাহিনীর ভয়াবহ বিমান হামলায় অন্তত ৩১ জন নিহত এবং ১৪৯ জন আহত হয়েছেন। সোমবার (২ মার্চ) লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে।
লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, বৈরুতের দক্ষিণাঞ্চলীয় দাহিয়েহ এলাকা এবং দক্ষিণ লেবাননের বেশ কয়েকটি শহরে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুগুলোতে মুহুর্মুহু বোমাবর্ষণ করেছে ইসরায়েলি যুদ্ধবিমান। এর মধ্যে বৈরুতের শহরতলিতে ২০ জন নিহত ও ৯১ জন আহত হয়েছেন। এ ছাড়া দেশের দক্ষিণাঞ্চলে আরও ১১ জন নিহত এবং ৫৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ। এর পাল্টা জবাবে লেবাননে গোষ্ঠীটির বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে এই অভিযান শুরু করে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর বড় ধরনের রকেট হামলার পর তারা ‘লেবাননজুড়ে’ শক্তিশালী জবাব দিচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়, ‘ইসরায়েল রাষ্ট্রের জন্য কোনো হুমকি তৈরি করার সুযোগ হিজবুল্লাহকে দেওয়া হবে না।’
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত দাহিয়েহ এলাকায় বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলি যুদ্ধবিমানগুলো ওই এলাকায় বিরামহীন হামলা চালাচ্ছে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, ইসরায়েল ও হিজবুল্লাহর এই সরাসরি সংঘাত মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিকে আরও ভয়াবহ এবং একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ