শ্রীপুরে ঐতিহাসিক চৌক্কার খাল পরিদর্শনে মন্ত্রী এ্যানি: দ্রুত সংস্কারের প্রতিশ্রুতি

শ্রীপুরে ঐতিহাসিক চৌক্কার খাল পরিদর্শনে মন্ত্রী এ্যানি: দ্রুত সংস্কারের প্রতিশ্রুতি

মহিউদ্দিন আহমেদ, বিশেষ প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক চৌক্কার খাল পরিদর্শন করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি ও প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। সোমবার (২ মার্চ) দুপুরে তারা সরেজমিনে খালের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন এবং এটি দ্রুত পুনরুজ্জীবনের ঘোষণা দেন।

এক সময় শ্রীপুরের কৃষি ও সেচ ব্যবস্থার প্রধান উৎস এবং জলাবদ্ধতা নিরসনের মূল মাধ্যম ছিল এই চৌক্কার খাল। তবে দীর্ঘদিনের অবহেলা আর পলি জমে বর্তমানে এটি নাব্যতা হারিয়ে প্রায় মৃতপ্রায় হয়ে পড়েছে। স্থানীয় জনগণের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এই পরিদর্শন কর্মসূচি পালিত হয়।

পরিদর্শন শেষে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি বলেন, "চৌক্কার খাল শুধু একটি সাধারণ জলাধার নয়, এটি একটি ঐতিহাসিক স্মৃতি এবং হাজার হাজার মানুষের জীবন-জীবিকার অংশ। খালের নাব্যতা ফিরিয়ে এনে কৃষি ও সেচ ব্যবস্থাকে সচল করতে সরকার দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। পরিবেশ রক্ষা ও দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা নিরসনে আমরা সর্বোচ্চ আন্তরিক।"

শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুল মোতালেবের সভাপতিত্বে সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইশরাক আহমেদ সিদ্দিকী।

শ্রীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন বেপারীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা এস এম রুহুল আমীন, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির সরকার, সাধারণ সম্পাদক মো. খাইরুল কবির, আজাদ মন্ডলসহ দলের বিপুল সংখ্যক নেতাকর্মী। খালটি পুনর্খননের প্রতিশ্রুতি পাওয়ায় স্থানীয় কৃষি ও সাধারণ মানুষের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন