ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর অন্যতম প্রধান তেল শোধনাগার ‘রাস তানুরা’য় হামলা চালিয়েছে ইরান। সোমবার (২ মার্চ) চালানো এই হামলার ফলে শোধনাগারটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রয়টার্স ও এএফপি’র প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার পরপরই দ্রুততার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন তারা। তবে নিরাপত্তার খাতিরে এবং ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য সাময়িকভাবে রাস তানুরা শোধনাগারটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও চিত্রে দেখা গেছে, শোধনাগারটি থেকে বিশাল ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠছে।
ভাইরাল হওয়া ভিডিওগুলোতে দাবি করা হয়েছে, ইরান এই হামলায় ড্রোন ব্যবহার করেছে। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার মধ্যে সৌদি আরবের জ্বালানি অবকাঠামোয় এই হামলা বিশ্ববাজারে তেলের সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। তবে সৌদি আরবের পক্ষ থেকে এখন পর্যন্ত এই হামলার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বিস্তারিত বিবৃতি দেওয়া হয়নি।
বিশ্লেষকরা মনে করছেন, আরামকোর মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার ফলে আঞ্চলিক উত্তেজনা চরম আকার ধারণ করতে পারে। বর্তমানে ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সম্ভাব্য পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছে সৌদি সামরিক বাহিনী।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ