৩০০ অসহায় মানুষের মুখে হাসি ফোটালেন যুবদল নেতা সুজিত জয়সয়াল

৩০০ অসহায় মানুষের মুখে হাসি ফোটালেন যুবদল নেতা সুজিত জয়সয়াল

বগুড়া প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছেন বগুড়া জেলা যুবদলের সদস্য সুজিত জয়সয়াল। ব্যক্তিগত উদ্যোগে তিনি প্রায় ৩০০ জন দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার ও খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। রোববার (১ মার্চ) সকাল ১০টায় বগুড়া জেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গণে এই মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী রেজাউল করিম বাদশা। তিনি সুজিত জয়সয়ালের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, "ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন আমরা সমাজের সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে সেই আনন্দ ভাগাভাগি করতে পারি। রাজনৈতিক পরিচয়ের বাইরে মানবিক দায়বদ্ধতা থেকে এমন কর্মকাণ্ড অত্যন্ত প্রশংসনীয়।" তিনি সমাজের বিত্তবানদেরও অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, যুবদল শুধু রাজনীতি নয়, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও সমানভাবে সক্রিয়। সুজিতের এই উদ্যোগ দলের অন্য নেতাকর্মীদেরও অনুপ্রাণিত করবে। শহর যুবদলের সভাপতি আহসান হাবীব মমি বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এমন উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

উদ্যোক্তা সুজিত জয়সয়াল জানান, ঈদের খুশিতে কেউ যেন বঞ্চিত না থাকে, সেই ভাবনা থেকেই তার এই ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতে আরও বড় পরিসরে মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার। বিতরণকৃত উপহারসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য। ঈদের আগে এমন উপহার পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন আগত দরিদ্র মানুষগুলো।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাইন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, শহর যুবদলের সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কি প্রমুখ।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন