ডোমারে মুড়ি মিলে ক্ষতিকর কেমিক্যাল ও শিল্প লবণের ব্যবহার: ১ লাখ টাকা জরিমানা

ডোমারে মুড়ি মিলে ক্ষতিকর কেমিক্যাল ও শিল্প লবণের ব্যবহার: ১ লাখ টাকা জরিমানা

মোঃ মকবুলার রহমান, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকর কেমিক্যাল ও শিল্প লবণ ব্যবহার করে মুড়ি উৎপাদনের দায়ে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের নেতৃত্বে এই সমন্বিত অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা গেছে, ডোমার উপজেলার ‘সন্তোষী মুড়ি মিল’-এ অভিযান চালিয়ে মুড়ি সাদা ও বড় করার জন্য ‘হাইড্রোজ’ নামক বিষাক্ত কেমিক্যাল ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এছাড়া মানুষের খাওয়ার অনুপযোগী শিল্প লবণ (ইন্ডাস্ট্রিয়াল সল্ট) একটি গোয়ালঘরের ভেতর অস্বাস্থ্যকর অবস্থায় মজুত রেখে তা মুড়ি তৈরিতে ব্যবহার করা হচ্ছিল। চালের মান ও প্যাকেজিং প্রক্রাতেও ব্যাপক অনিয়ম পায় ভ্রাম্যমাণ আদালত।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, নিরাপদ খাদ্য আইনের ৪২ নম্বর ধারা লঙ্ঘনের দায়ে মিল মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়। এর আগেও অনিয়মের কারণে এই প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়েছিল। কিন্তু সংশোধিত না হওয়ায় এবার কঠোর দণ্ড প্রদান করা হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, মুড়িতে ব্যবহৃত ‘হাইড্রোজ’ ও ‘শিল্প লবণ’ দীর্ঘমেয়াদে মানবদেহে ক্যান্সার, কিডনি বিকল ও লিভারের মারাত্মক ক্ষতি করতে পারে। জনস্বাস্থ্য রক্ষায় এই অভিযান অত্যন্ত সময়োপযোগী।

ডোমার উপজেলা প্রশাসন জানায়, মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা বরদাশত করা হবে না। ভবিষ্যতে এমন অনিয়ম অব্যাহত থাকলে প্রতিষ্ঠানটি স্থায়ীভাবে সিলগালা করে দেওয়া হবে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন