ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
শুভ সরকার, নড়াইল: নড়াইলে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন বাস্তবায়নে জেলা টাস্কফোর্স কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ মার্চ) বেলা ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল ছালাম।
সভায় ধূমপান ও তামাকজাত পণ্য ব্যবহারের ক্ষতিকর দিক তুলে ধরে তা নিয়ন্ত্রণে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ভবিষ্যৎ প্রজন্মকে তামাকের ছোবল থেকে রক্ষা করতে তামাক নিয়ন্ত্রণ আইনের যথাযথ বাস্তবায়ন এবং প্রচারণা কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। এর অংশ হিসেবে পৌরসভা ও উপজেলার জনবহুল স্থানগুলোতে তামাকবিরোধী সাইনবোর্ড স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় গৃহীত অন্যান্য সিদ্ধান্তের মধ্যে রয়েছে— অভিভাবকদের সচেতন করা, স্কুলের অ্যাসেম্বলিতে সপ্তাহে অন্তত একদিন ধূমপানের কুফল নিয়ে আলোচনা করা এবং শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে তামাকজাত পণ্য ও বিড়ি-সিগারেট বিক্রির দোকান বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। এছাড়া আইন বাস্তবায়নে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, সচেতনতামূলক দেয়াল লিখন, ব্যানার টানানো এবং তৃণমূল পর্যায়ে সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনার সিদ্ধান্ত হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মো. আব্দুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই আলম সিদ্দিকী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আহসান মাহমুদ রাসেল এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম। এছাড়াও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক গোলক মজুমদার, বিআরটিএ-এর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) কেশব কুমার দাস, জেলা তথ্য অফিসার মো. রোস্তম আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ