ফেনীতে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় যুবলীগ নেতা ইয়াছিন শরীফ

ফেনীতে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় যুবলীগ নেতা ইয়াছিন শরীফ

জহিরুল হক মিলন, ফেনী: বাবার জানাজায় অংশ নিতে তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন ফেনীর পরশুরাম উপজেলা যুবলীগের আহ্বায়ক ইয়াছিন শরীফ মজুমদার। সোমবার (২ মার্চ) বেলা ১১টার দিকে পরশুরাম পৌরসভার পূর্ব অনন্তপুর ছয়ঘরিয়া ঈদগাহ ময়দানে কড়া পুলিশ পাহারায় তিনি জানাজায় শরিক হন।

পারিবারিক সূত্রে জানা গেছে, যুবলীগ নেতা ইয়াছিন শরীফ মজুমদারের বাবা রফিকুল ইসলাম মজুমদার রোববার দুপুরে বার্ধক্যজনিত কারণে নিজ বাসায় মৃত্যুবরণ করেন। বাবাকে শেষ দেখা ও জানাজায় অংশ নেওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তির আবেদন করা হলে জেলা ম্যাজিস্ট্রেট তা মঞ্জুর করেন। সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত মোট তিন ঘণ্টার জন্য তাকে মুক্তি দেওয়া হয়। জানাজা শেষে তিনি বাবার আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চান এবং দাফন প্রক্রিয়া শেষে তাকে পুনরায় কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

ইয়াছিন শরীফ মজুমদার পরশুরাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন মজুমদারের ভাতিজা ও জামাতা। তিনি পরশুরাম বিআরডিবি-র চেয়ারম্যান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম জানান, আদালতের নির্দেশে তিন ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে তিনি বাবার জানাজায় অংশ নেন। পুলিশ পাহারায় তাকে আনা হয়েছিল এবং নির্ধারিত সময় শেষে পুনরায় কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৩০ জুলাই রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকা থেকে ইয়াছিন শরীফ মজুমদারকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীকালে তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দায়েরকৃত নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হয় এবং তখন থেকেই তিনি কারাগারে রয়েছেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন