বগুড়া-৬ সদর উপনির্বাচন: জামায়াত প্রার্থী আবিদুর রহমানের মনোনয়নপত্র দাখিল

বগুড়া-৬ সদর উপনির্বাচন: জামায়াত প্রার্থী আবিদুর রহমানের মনোনয়নপত্র দাখিল

ওয়াফিক শিপলু, বগুড়া: বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এবং শহর জামায়াতের আমির আবিদুর রহমান সোহেল। সোমবার (২ মার্চ) দুপুরে তিনি জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিমের নিকট আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক, সহকারী সেক্রেটারি অধ্যাপক রফিকুল আলম, অফিস সম্পাদক আব্দুল হামিদ বেগ, দাওয়াহ ও শিক্ষা সম্পাদক হেদাইতুল ইসলাম, যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুস ছালাম তুহিন, মিডিয়া সম্পাদক ইকবাল হোসেন এবং ইসলামী ছাত্রশিবির সরকারি আজিজুল হক কলেজ শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুনসহ দলের বিপুল সংখ্যক নেতাকর্মী।

মনোনয়নপত্র জমা দিয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে আবিদুর রহমান সোহেল বলেন, "বগুড়া সদরের মানুষ বারবার একটি বিশেষ প্রতীককে ভালোবেসে ধোঁকা খেয়েছে। তারা আর প্রতারিত হতে চায় না। ইনশাআল্লাহ, আসন্ন উপনির্বাচনে ভোটাররা 'দাঁড়িপাল্লা' প্রতীকে ভোট দিয়ে যোগ্য প্রার্থীকে বিজয়ী করবেন এবং আমরা বিপুল ভোটে জয়লাভ করব।"

উল্লেখ্য, শূন্য হওয়া এই আসনে উপনির্বাচনকে কেন্দ্র করে বগুড়ার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে। জামায়াতের এই শক্তিশালী প্রার্থীর অংশগ্রহণ নির্বাচনের সমীকরণকে নতুন মাত্রা দিচ্ছে বলে মনে করছেন স্থানীয় বিশ্লেষকরা।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন