দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে মোরেলগঞ্জে ক্যাব ও জামায়াতের যৌথ বাজার পরিদর্শন

দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে মোরেলগঞ্জে ক্যাব ও জামায়াতের যৌথ বাজার পরিদর্শন

মো. আমিনুল ইসলাম, মোরেলগঞ্জ (বাগেরহাট): পবিত্র মাহে রমজানে নিত্যপণ্যের বাজারদর স্থিতিশীল রাখা, কৃত্রিম সংকট সৃষ্টি না করা এবং ব্যবসা প্রতিষ্ঠানে নির্ধারিত মূল্য তালিকা প্রদর্শনের লক্ষ্যে বাগেরহাটের মোরেলগঞ্জে যৌথ বাজার পরিদর্শন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।

সোমবার (২ মার্চ) বেলা ১২টায় মোরেলগঞ্জ পৌর শহরের কাঁচা বাজার পটি সড়ক এবং মুদি ও মনোহরি সড়কে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এই অভিযান চালানো হয়। অভিযানকালে ব্যবসায়ী ও বিক্রেতাদের সাথে রমজানের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সচেতনতামূলক মতবিনিময় করেন জামায়াত ও ক্যাব নেতৃবৃন্দ।

যৌথ টিমের পক্ষ থেকে নেতৃবৃন্দ জানান, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল আলীমের নির্দেশনায় এই বাজার মনিটরিং করা হচ্ছে। ব্যবসায়ীদের প্রতি একটিই বার্তা—অযৌক্তিক মুনাফার মাধ্যমে যেন মোরেলগঞ্জের সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে না হয়। প্রতিটি দোকানে মূল্য তালিকা ঝুলিয়ে রাখা এবং পণ্য মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি না করার জন্য ব্যবসায়ীদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাস্টার মনিরুজ্জামান, পৌর আমীর মাস্টার রফিকুল ইসলাম, পৌর সেক্রেটারি মাস্টার আল আমিন, যুব জামায়াতের পৌর সভাপতি মেহেদী হাসান নিয়াজ। ক্যাব নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি সাংবাদিক গণেশ পাল, সাধারণ সম্পাদক মাস্টার বিভূতি ভূষণ পোদ্দার, ক্যাব কোষাধ্যক্ষ এম. পলাশ শরীফ, সাংগঠনিক সম্পাদক প্রভাষ দাস প্রমুখ।

মন্তব্য করুন