ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলায় অভিনব কায়দায় মোটরসাইকেলের তেলের ট্যাঙ্কি ও সিটের নিচে মাদক পাচারের সময় ৩ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১ মার্চ) দিবাগত রাত পৌনে ১টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের মুরাদপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার পশ্চিম বালাতারি গ্রামের আরিফ হোসেন (১৯) ও পলাশ মিয়া (২০)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল মুরাদপুর এলাকার মীর এন্ড রুবেল ফিলিং স্টেশনের সামনে অবস্থান নেয়। এ সময় আরিফ ও পলাশ মোটরসাইকেল নিয়ে সেখানে পৌঁছালে পুলিশ তাদের থামিয়ে তল্লাশি চালায়। পরে মোটরসাইকেলের জ্বালানি ট্যাঙ্কির ভেতর এবং সিটের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি এ সময় জব্দ করা হয়।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সারওয়ার পারভেজ জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ