ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
সাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে ইদানীং মোটরসাইকেল চুরির ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। স্বল্প সময়ের ব্যবধানে একের পর এক চুরির ঘটনায় জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে। চোরচক্রের বেপরোয়া তৎপরতা থেকে রেহাই পাচ্ছেন না খোদ সাংবাদিকরাও।
সর্বশেষ গত ২৭ ফেব্রুয়ারি (শুক্রবার) দুপুর আনুমানিক ১২টার দিকে ঘোড়াঘাট পৌর সদরের পূর্বপাড়া এলাকায় নিজ বাড়ির সামনে থেকে ঘোড়াঘাট থানা প্রেসক্লাবের সভাপতি আনভিল বাপ্পির লাল রঙের একটি এপাচি আরটিআর (১৫০ সিসি) মোটরসাইকেল চুরি হয়। দিনের আলোতে বাড়ির সামনে থেকে এমন দুঃসাহসিক চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
এর আগে, পৌর সদরের লালবাগ গ্রাম থেকে একই প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বর্তমান সাংগঠনিক সম্পাদক মো. সামসুল ইসলাম সামুর একটি বাজাজ সিটি মোটরসাইকেল আজাদ মোড় এলাকা থেকে চুরি হয়। এছাড়া বাগেরহাট বাজার ও কুন্ডু মার্কেটের সামনে থেকেও একাধিক মোটরসাইকেল চুরির অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয়দের অভিযোগ, একটি সংঘবদ্ধ চোরচক্র পরিকল্পিতভাবে এসব চুরি চালাচ্ছে। তারা বিয়ে বাড়ি, হাট-বাজার, ব্যাংক-বিমা প্রতিষ্ঠান এমনকি জানাজা অনুষ্ঠানের ভিড়কেও সুযোগ হিসেবে ব্যবহার করছে। মাত্র কয়েক মিনিটের অসতর্কতায় বিশেষ কৌশলে মোটরসাইকেল নিয়ে চম্পট দিচ্ছে তারা।
এ বিষয়ে ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, “চুরির ঘটনাগুলো আমরা অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছি। ইতোমধ্যে সন্দেহভাজন কয়েকজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। চোরচক্রকে নির্মূল করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে।”
এদিকে ভুক্তভোগীরা দ্রুত চোরচক্রকে শনাক্ত করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। সচেতন মহলের মতে, গুরুত্বপূর্ণ মোড়গুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং পুলিশের টহল বৃদ্ধি করা হলে এ ধরনের অপরাধ কমানো সম্ভব। জননিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ