ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে: নৌপরিবহন মন্ত্রী

ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে: নৌপরিবহন মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদকে সামনে রেখে সড়ক ও নৌপথে নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, অন্য যে কোনো সময়ের চেয়ে এবারের ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ হবে। এ লক্ষ্যে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় সব ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জে বিআইডব্লিউটিএর নির্মাণাধীন ভবন পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

ঈদযাত্রা নিয়ে মন্ত্রী বলেন, ট্রাফিক বিভাগ, কোস্টগার্ড, নৌ পুলিশ ও আনসারসহ সংশ্লিষ্ট সবাই মাঠে থাকবে। কোনোভাবেই ভাড়া বাড়ানো যাবে না এবং কেউ ভাড়া বাড়ানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। চাঁদাবাজির বিষয়ে তিনি বলেন, চাঁদাবাজির সুনির্দিষ্ট তথ্য পেলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব। সাংবাদিকরা অনেক সময় গোয়েন্দার ভূমিকা পালন করেন, তাই আপনারা তথ্য দিয়ে সহযোগিতা করলে অ্যাকশন নেওয়া সহজ হবে। অনিয়ম ও কৃত্রিম সংকট সৃষ্টির যে কোনো প্রচেষ্টা কঠোরভাবে দমন করা হবে বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। এছাড়া নদীপথে দূষণ ও চাঁদাবাজির অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি।

এদিকে বাজারে নিত্যপণ্যের অস্থিরতার পেছনে লাইটারেজ জাহাজে পণ্য মজুতের অভিযোগের প্রেক্ষিতে মন্ত্রী সংশ্লিষ্ট টার্মিনাল এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে মন্ত্রী বলেন, লাইটার জাহাজে নির্ধারিত সময়ে মালামাল খালাস না করে গম স্টোর করে রাখা হয়েছে—এমন তথ্য আমরা পেয়েছি। এতে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট তৈরি হতে পারে। আমরা কিছু প্রমাণ পেয়েছি এবং আইনভঙ্গের বিষয় থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া দীর্ঘদিন বন্ধ থাকা নারায়ণগঞ্জের ডাবল লাইন প্রকল্পটি নিজস্ব অর্থায়নে দ্রুত সচল করার চেষ্টা চলছে বলেও তিনি জানান।

এ সময় নৌপরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, নৌপরিবহন সচিব ড. নুরুন নাহার চৌধুরী, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান রিয়াল এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা এবং নৌমন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন