নেতানিয়াহুর জোটে ভাঙনের আভাস

প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ণ
নেতানিয়াহুর জোটে ভাঙনের আভাস

আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দীর্ঘদিনের বিশ্বস্ত মিত্র আল্ট্রা-অর্থোডক্স ধর্মীয় রাজনৈতিক দল ‘ইউনাইটেড তোরাহ জুডায়িজম’ (ইউটিজে) সরকার থেকে সরে দাঁড়ানোর স্পষ্ট ইঙ্গিত দিয়েছে।

সম্প্রতি ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর এক প্রতিবেদনে বলা হয়, দলটি এখন নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বিরোধী জোটের শীর্ষ নেতা গ্যাডি আইজেনকোটের নতুন সরকারকে বাইরে থেকে সমর্থন দেওয়ার পরিকল্পনা করছে। এই সমঝোতা বাস্তবায়িত হলে ইসরাইলি রাজনীতিতে নেতানিয়াহুর একক আধিপত্য চরম সংকটে পড়বে।

নতুন প্রস্তাবিত রাজনৈতিক সমীকরণ অনুযায়ী, ইউটিজে আইজেনকোটের নতুন মন্ত্রিসভায় সরাসরি অংশ নেবে না। তবে তারা পার্লামেন্টে গুরুত্বপূর্ণ ভোটাভুটির সময় ভোটদানে বিরত থেকে আইজেনকোটের সংখ্যালঘু সরকারকে টিকিয়ে রাখতে সহায়তা করবে।

বর্তমানে পার্লামেন্টে ইউটিজের ৭টি আসন রয়েছে। তারা সমর্থন তুলে নিলে নেতানিয়াহুর ক্ষমতাসীন জোটের আসন সংখ্যা কমে দাঁড়াবে ৪৬-এ, যা আইজেনকোটের ৪৮টি আসনের চেয়েও কম। ফলে সংসদীয় এই সমীকরণে ৮টি আসন থাকা ইসলামপন্থী দল ‘রা'আম’-এর সমর্থন নিয়ে সরকার গঠনের নতুন সুযোগ তৈরি হবে বিরোধী জোটের সামনে।

মূলত ধর্মীয় শিক্ষা বা ‘ইয়েশিভা’র শিক্ষার্থীদের জন্য সামরিক বাহিনীতে বাধ্যতামূলক যোগদান থেকে অব্যাহতির আইন পাস করতে না পারায় নেতানিয়াহুর ওপর চরম ক্ষুব্ধ ইউটিজে। দলটির অভ্যন্তরীণ সূত্রের খবর, নেতানিয়াহুর সাথে তাদের রাজনৈতিক জোটের মেয়াদ শেষ হয়ে এসেছে এবং তাঁর কাছে একক সংখ্যাগরিষ্ঠতা (৬১ আসন) না থাকায় তারা নতুন কোনো আশাও দেখছে না। নিজেদের রাজনৈতিক অস্তিত্ব ও প্রভাব টিকিয়ে রাখতেই তারা কৌশলগতভাবে আইজেনকোটের দিকে ঝুঁকছে।

তবে প্রস্তাবিত এই সমঝোতার ক্ষেত্রে মূল বাধা সেনাসদস্য নিয়োগের বিষয়টি। বিরোধী নেতা গ্যাডি আইজেনকোট শুরু থেকেই আল্ট্রা-অর্থোডক্স শিক্ষার্থীদের সামরিক ছাড় দেওয়ার কট্টর বিরোধী। তা সত্ত্বেও ইউটিজে নেতারা আশাবাদী যে আলোচনার মাধ্যমে একটি মধ্যপন্থা খুঁজে পাওয়া সম্ভব হবে।

ইতোমধ্যেই ইউটিজের শীর্ষ ধর্মীয় নেতারা জানিয়েছেন, নেতানিয়াহুর ডানপন্থী জোটের ওপর তাঁদের আর আস্থা নেই। যে রাজনৈতিক নেতাই ধর্মীয় শিক্ষার্থীদের সামরিক ছাড় দেওয়ার সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দেবেন, তাঁকেই তারা সমর্থন জানাতে প্রস্তুত। এই প্রচেষ্টা সফল হলে নেতানিয়াহু সরকারের পতন কেবল সময়ের ব্যাপারে পরিণত হবে বলে ধারণা করা হচ্ছে।

এআইএল/সকালবেলা