রেলবহরে যুক্ত হচ্ছে ২০০ কোচ, নতুন ট্রেন চালুর পরিকল্পনা
বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ রেলওয়ের বহরে নতুন আরও ২০০ কোচ যুক্ত হতে যাচ্ছে। এসব কোচ দিয়ে যাত্রীদের যাতায়াত আরও আরামদায়ক করতে নতুন ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে পঞ্চগড় রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।
মহাপরিচালক জানান, নতুন কোচের একটি অংশ ইতোমধ্যে দেশে এসে রেলবহরে যুক্ত হয়েছে। এই কোচগুলো দিয়ে প্রাথমিক পর্যায়ে নতুন একটি ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে। পরবর্তীতে বাকি কোচগুলো দেশে আসার পর যাত্রীদের চাহিদা ও সার্বিক প্রয়োজনীয়তা বিবেচনা করে আরও নতুন ট্রেন চালু এবং পুরোনো কোচগুলো পর্যায়ক্রমে প্রতিস্থাপন করা হবে।
পঞ্চগড় থেকে সরাসরি কক্সবাজার ট্রেন চালুর বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা। দেশের সব রেলপথ এখনও ব্রডগেজে রূপান্তরিত না হওয়ায় আপাতত এই রুটে সরাসরি ট্রেন চালুর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হচ্ছে না। রেলপথ রূপান্তরের পাশাপাশি এই দীর্ঘ দূরত্বের রুটে পর্যাপ্ত যাত্রী পাওয়া যাবে কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে।
এছাড়া পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর পর্যন্ত রেলপথ সম্প্রসারণ প্রসঙ্গে আফজাল হোসেন বলেন, কার্যকর আঞ্চলিক যোগাযোগ নিশ্চিত করতে হলে ভারতীয় অংশেও রেল সংযোগ থাকা আবশ্যক। কেবল বাংলাদেশের অংশে রেললাইন নির্মাণ করলেই কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাবে না। দুই দেশের পারস্পরিক সম্মতি সাপেক্ষে এই প্রকল্পের কাজ এগিয়ে নেওয়া সম্ভব, যা বর্তমানে সরকারের বিবেচনায় রয়েছে।
তিনি আরও বলেন, রেলওয়ের বিভিন্ন স্টেশনে পণ্য পরিবহন ও যাত্রীদের সেবা পরখ করতে মাঠপর্যায়ে কার্যক্রম পরিদর্শন করা হচ্ছে। যেসকল স্টেশনে যাত্রী ও মালামাল পরিবহনের চাহিদা বেশি, সেখানে প্রয়োজনে লুপ লাইন বৃদ্ধি, রেললাইন সম্প্রসারণ এবং ট্রেনের কোচ বাড়ানোর কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
পরিদর্শনকালে পঞ্চগড় রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জাহিদ হাসানসহ রেলওয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এআইএল/সকালবেলা