রূপপুরে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু
উপজেলা প্রতিনিধি (ঈশ্বরদী, পাবনা): পাবনার ঈশ্বরদীতে অবস্থিত দেশের প্রথম রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে আনুষ্ঠানিকভাবে বহুল কাঙ্ক্ষিত এ কার্যক্রমের সূচনা করা হয়।
এর আগে বৃহস্পতিবার প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের প্রাথমিক ধাপ ‘পাওয়ার স্টার্টআপ’ পরিচালনার অনুমোদন দেয় বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা)।
বিজ্ঞানীদের মতে, এই ধাপে প্রথমবারের মতো চুল্লিতে স্বয়ংসম্পূর্ণ চেইন রিঅ্যাকশন বা পরমাণুর বিভাজন প্রক্রিয়া চালুর মাধ্যমে নিয়ন্ত্রিত ও ধারাবাহিকভাবে তাপশক্তি উৎপাদন শুরু হয়, যা পরবর্তীতে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হবে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্দেশনা মেনে রাশিয়ার প্রযুক্তিগত সহযোগিতায় নির্মিত প্রকল্পটির প্রথম ইউনিটে ইতিমধ্যে একাধিক ধাপের পরীক্ষা-নিরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, আন্তর্জাতিক নিরাপত্তা শর্তাবলী পূরণ সাপেক্ষে ধাপে ধাপে উৎপাদনক্ষমতা বাড়িয়ে ৩০০ মেগাওয়াটে পৌঁছানোর পর জাতীয় সঞ্চালন লাইনে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম চালু করা হবে।
এদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টরে পারমাণবিক জ্বালানি লোডিংয়ের প্রস্তুতি হিসেবে রাশিয়া থেকে প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ প্রক্রিয়া শুরু হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটম।
এআইএল/সকালবেলা