গাজীপুরে জোড়া খুন মামলার আসামি বরিশালে গ্রেপ্তার

প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ণ
গাজীপুরে জোড়া খুন মামলার আসামি বরিশালে গ্রেপ্তার

সাঈদ পান্থ (বরিশাল): ঢাকার গাজীপুরে আলোচিত পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতার প্রাণহানির ঘটনায় দায়ের করা হত্যা মামলার প্রধান অভিযুক্ত ও ঘাতক ট্রাকচালক মাজহারুল ইসলামকে (২৫) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। 

শুক্রবার দুপুরে বরিশাল এসআরবি-৮ এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার সাথী আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, গত ২৯ অক্টোবর দিবাগত রাতে এসআরবি-৮ ও এসআরবি-১ এর যৌথ আভিযানে পিরোজপুরের ইন্দুরকানী থানাধীন চারাখালী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে তাঁকে ইন্দুরকানী থানায় হস্তান্তর করা হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, গত ২৩ অক্টোবর রাতে গাজীপুর জেলার কালীগঞ্জ থানার এসআই মো. মিজানুর রহমান, পিএসআই জাবেদ ওমরসহ পুলিশ সদস্যরা রুটিন ডিউটি পালনকালে স্থানীয় বিএনপি নেতা রফিকুল ইসলাম মোল্লাকে সঙ্গে নিয়ে মহাসড়কে দায়িত্ব পালন করছিলেন। এ সময় টঙ্গী থেকে ছেড়ে আসা দ্রুতগতির একটি বেপরোয়া ট্রাক পুলিশ ও বিএনপি নেতাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন বিএনপি নেতা রফিকুল ইসলাম মোল্লা।

পরে ঘাতক ট্রাকটি থামানোর চেষ্টা করলে এসআই মিজানুর রহমানকে ট্রাকের সামনে ঝুলন্ত অবস্থায় প্রায় ৫০০ গজ টেনেহিঁচড়ে নিয়ে ফেলে পালিয়ে যায় চালক। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এসআই মিজানুর রহমানও মারা যান। এই মর্মান্তিক ঘটনায় কনস্টেবল আনোয়ার হোসেন বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এআইএল/সকালবেলা