ইউক্রেনে স্টারশিল্ড সেবা ব্যাহত, তদন্ত পরিচালনা করবে না পেন্টাগন

প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২১ অপরাহ্ণ
ইউক্রেনে স্টারশিল্ড সেবা ব্যাহত, তদন্ত পরিচালনা করবে না পেন্টাগন

অনলাইন ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফ্রন্টলাইনে ইউক্রেনীয় সামরিক বাহিনীর অতি সংবেদনশীল যোগাযোগ মাধ্যম স্যাটেলাইট প্রযুক্তি ‘স্টারশিল্ড’ সাময়িকভাবে ব্যাহত হওয়া ও গতি আটকে দেওয়ার ঘটনায় আনুষ্ঠানিকভাবে কোনো তদন্ত পরিচালনা করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে মার্কিন প্রতিরক্ষা দফতরের (পেন্টাগন) স্বাধীন পরিদর্শক বা ওয়াচডগ।

আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) মার্কিন প্রভাবশালী বার্তা সংস্থা ‘অ্যাসোশিয়েটেড প্রেস’ (এপি)-এর এক বিশেষ প্রতিবেদনে এই বিস্ফোরক সিদ্ধান্তের কথা উঠে আসে।

প্রতিবেদনে জানানো হয়, নিউ হ্যাম্পশায়ারের ডেমোক্র্যাট সেনেটর জিন শাহিনের নেতৃত্বে মার্কিন যুক্তরাস্ট্রের প্রধান দুই রাজনৈতিক দলের (ডেমোক্র্যাট ও রিপাবলিকান) ৯ জন প্রভাবশালী সিনেটরের একটি দল পেন্টাগন ওয়াচডগের কাছে আনুষ্ঠানিকভাবে নিরপেক্ষ তদন্তের আবেদন জানিয়েছিলেন। সিনেটররা জানতে চেয়েছিলেন—ইউক্রেনীয় বাহিনীর জীবন রক্ষাকারী এই গতি ও সংযোগ বিচ্ছিন্ন করার পেছনে মার্কিন প্রশাসন কিংবা কোনো কর্মকর্তার অনুমোদন ছিল কি না।

তবে আইনপ্রণেতাদের সেই যৌথ চিঠির জবাবে প্রতিরক্ষা দফতরের ইন্সপেক্টর জেনারেল স্পষ্টভাবে জানান, তাদের উত্থাপিত প্রশ্ন ও উদ্বেগের সঠিক উত্তর মার্কিন বিমানবাহিনীর (ইউএস এয়ার ফোর্স) এখতিয়ারভুক্ত বিষয়, পেন্টাগন ওয়াচডগ এটি নিয়ে কোনো স্বতন্ত্র তদন্ত করবে না। পেন্টাগন ওয়াচডগের এই শক্ত অবস্থানকে স্পেসএক্স-এর প্রতিষ্ঠাতা ধনকুবের ইলন মাস্ককে সরাসরি সুরক্ষা দেওয়ার ও জবাবদিহিতা এড়ানোর চেষ্টা হিসেবেই দেখছেন মার্কিন সিনেটররা।

চলতি বছরের অক্টোবরের মাঝামাঝি সময়ে ইউক্রেনের রাজধানী কিয়েভ পেন্টাগনের কাছে অভিযোগ তোলে যে, ইলন মাস্কের মালিকানাধীন মহাকাশ সংস্থা 'স্পেসএক্স' ফ্রন্টলাইনে থাকা ইউক্রেনীয় সেনাসদস্যদের ব্যবহৃত ‘স্টারলিংক’ ও সামরিক ভার্সন ‘স্টারশিল্ড’ টার্মিনালের ওপর একতরফা গতিসীমা নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়েছে।

ইউক্রেনীয় সামরিক সূত্রের দাবি, রণক্ষেত্রে নির্দিষ্ট সীমার ওপরে—বিশেষ করে ঘণ্টায় ১৬০ কিলোমিটারের বেশি গতিতে সেনাবাহিনীর যানবাহন চলাচলকালে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন বা গতি মারাত্মক সীমিত করে দেওয়া হয়। ফলস্বরূপ ফ্রন্টলাইনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ও জরুরি সামরিক অভিযান মারাত্মক ভেস্তে যায় ও বিভ্রান্তির সৃষ্টি হয়। মার্কিন সরকারের অর্থায়নে পরিচালিত যোগাযোগ ব্যবস্থায় মাস্কের এই প্রভাব ও পেন্টাগনের নিষ্ক্রিয়তা সামরিক ও কূটনৈতিক অঙ্গনে চরম উদ্বেগের জন্ম দিয়েছে।

সকালবেলা / নুসরাত