নওগাঁর ৫ প্রবাসীর লাশ ফিরছে আগামীকাল
আবু ইউসুফ (নওগাঁ প্রতিনিধি): দীর্ঘ অপেক্ষা আর অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে দেশে ফিরছে সৌদি আরবের রিয়াদে মর্মান্তিক অগ্নিকাণ্ডে প্রাণ হারানো নওগাঁর পাঁচ প্রবাসীর মরদেহ।
শনিবার (৩১ অক্টোবর) তাঁদের নিথর দেহ দেশে পৌঁছানোর কথা রয়েছে। প্রিয়জনকে হারানোর শোকের পাশাপাশি মহাজন ও এনজিওর ঋণের চাপে দিশেহারা হয়ে পড়েছে নিহত প্রবাসীদের পরিবারগুলো।
বাংলাদেশ দূতাবাস, রিয়াদের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত হওয়া পাঁচ প্রবাসীর মরদেহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৩৬ নম্বর ফ্লাইটে শনিবার সকাল ৮টা ০৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
শনিবার লাশ হয়ে দেশে ফিরতে যাওয়া প্রবাসীরা হলেন—নওগাঁ পৌর এলাকার পার নওগাঁর শাহিন, আত্রাই উপজেলার ডুবাই গ্রামের হাসিবুল হাসান শুভ, মধ্যবোয়ালিয়া গ্রামের মিনহাজ প্রামানিক, মাধবপুর গ্রামের মাসিদুল সরদার সজিব এবং সাধনগর গ্রামের সাগর আলী।
গত ৯ আগস্ট রিয়াদের একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশি মারা যান, যার মধ্যে নওগাঁরই ছিলেন ১২ জন। গত ২৭ আগস্ট প্রথম দফায় সাতজনের মরদেহ আনা হলেও পরিচয় শনাক্তকরণ জটিলতায় বাকিদের লাশ পড়ে ছিল সৌদির হিমঘরে।
এদিকে মরদেহ ফিরে পাওয়ার স্বস্তি থাকলেও পরিবারগুলোর মূল সংকট হয়ে দাঁড়িয়েছে ঋণের বোঝা। আত্রাইয়ের নিহত সাগর আলীর স্ত্রী পারভীন খাতুন জানান, মাত্র ছয় মাস আগে সাড়ে ৬ লাখ টাকা ঋণ ও ভিটাবাড়ি বন্ধক রেখে স্বামীকে সৌদি পাঠিয়েছিলেন। এক লাখ টাকাও শোধ না হতেই এই মর্মান্তিক পরিণতিতে দুই সন্তান নিয়ে চরম বিপদে পড়েছেন তিনি।
আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো দেশে আনা হচ্ছে। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারি আর্থিক সহায়তা প্রদানের প্রক্রিয়া চলমান রয়েছে।
এআইএল/সকালবেলা