ছাত্রীদের যৌন হেনস্তার অভিযোগে স্কুলশিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ণ
ছাত্রীদের যৌন হেনস্তার অভিযোগে স্কুলশিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

বিশেষ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলাউদ্দিন খানের বিরুদ্ধে নারী সহকর্মী ও ছাত্রীদের যৌন হেনস্তার গুরুতর অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর এই ঘটনার পর থেকেই গত দুই দিন ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন অভিযুক্ত শিক্ষক।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন আলাউদ্দিন খান। স্কুলটিতে সপ্তম ও অষ্টম শ্রেণির পাঠদানের জন্য খণ্ডকালীন নারী শিক্ষক নিয়োগ দেওয়া হতো। এই সুযোগকে কাজে লাগিয়ে অভিযুক্ত শিক্ষক বিভিন্ন অজুহাতে নারী শিক্ষকদের কুপ্রস্তাব ও মানসিকভাবে উত্যক্ত করতেন।

অভিযোগ রয়েছে, বেতন বাড়িয়ে দেওয়ার প্রলোভন, স্কুল বন্ধের দিনে নির্জনে অফিসে ডাকা, ছুটির পর একা দেখা করতে বলা এবং সামাজিক মাধ্যমে আপত্তিকর বার্তা পাঠিয়ে আসছিলেন তিনি। তাঁর এসব অশালীন আচরণে অতিষ্ঠ হয়ে ইতোমধ্যে ৬ থেকে ৭ জন নারী শিক্ষক চাকরি ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন। সম্প্রতি দুজন খণ্ডকালীন শিক্ষিকা ইস্তফাও দিয়েছেন।

এদিকে প্রধান শিক্ষকের এমন লম্পট আচরণ জানাজানি হওয়ার পর বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। কোমলমতি ছাত্রীদের নিরাপত্তাও এখন হুমকির মুখে পড়েছে। ঘটনাটি ধামাচাপা দিতে একটি প্রভাবশালী মহল ভুক্তভোগীদের নানাভাবে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছে বলে অভিযোগ রয়েছে।

এর প্রতিবাদে শুক্রবার সকালে স্থানীয় এলাকাবাসী ও ‘মানবিক ফাউন্ডেশন’-এর যৌথ উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় দ্রুত সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি এবং বিদ্যালয়ে নারী ও শিশুদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানান বিক্ষুদ্ধ জনতা।

এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক আলাউদ্দিন খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ছুটিতে আছেন দাবি করে তাঁর বিরুদ্ধে আনীত সব অভিযোগ অস্বীকার করেন এবং একে ষড়যন্ত্র বলে উল্লেখ করেন।

এআইএল/সকালবেলা