নেত্রকোনায় মোটরসাইকেল সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু
সকালবেলা অনলাইন: নেত্রকোনার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহমুদুল হক শাহীন (৪০) ও তাঁর ছয় বছর বয়সী ছেলে রাজিনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় এক নারী গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে কেন্দুয়া-নেত্রকোনা সড়কের দুর্গাপুর লাহিড়ী বাড়ি মোড় এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহমুদুল হক শাহীন কেন্দুয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক হিসেবে কর্মরত ছিলেন। তিনি উপজেলার দলপা ইউনিয়নের আমতলী গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে সড়কের লাহিড়ী বাড়ি মোড়ে বিপরীতমুখী দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বাবা শাহীন ও তাঁর শিশুপুত্র রাজিনকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় আহত অপর নারীকে একই হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে তাঁর নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
এআইএল/সকালবেলা