পেন্টাগনের শীর্ষ সামরিক পরিকল্পনাকারী জেনারেলকে বরখাস্ত করলেন হেগসেথ

প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:০৩ অপরাহ্ণ
পেন্টাগনের শীর্ষ সামরিক পরিকল্পনাকারী জেনারেলকে বরখাস্ত করলেন হেগসেথ

অনলাইন ডেস্ক: মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় বা পেন্টাগনের শীর্ষ সামরিক পরিকল্পনাকারী তথা সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল ব্রেট সিলভিয়াকে আকস্মিকভাবে বরখাস্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা এই সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত করেছেন।

মার্কিন ডিজিটাল প্ল্যাটফর্ম ‘অ্যাটলান্টিক’-এর বরাত দিয়ে প্রভাবশালী সংবাদমাধ্যম ‘টাইমস অব ইসরায়েল’ জানিয়েছে, মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের কৌশল, পরিকল্পনা ও নীতি বিষয়ক প্রধানের পদ থেকে লে. জেনারেল সিলভিয়াকে অব্যাহতি দেওয়া হয়েছে। সামরিক মহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পদটি সাধারণত ‘জে৫’ (J5) নামে পরিচিত। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সরাসরি অধীনে পদ থেকে অপসারিত হওয়া তিনি দ্বিতীয় কোনো শীর্ষ জেনারেল।

জয়েন্ট স্টাফের একজন মুখপাত্র জেনারেল সিলভিয়ার অপসারণের বিষয়ে বলেন, দেশের জন্য গত ৩২ বছরের দীর্ঘ ও উল্লেখযোগ্য সেবার জন্য লেফটেন্যান্ট জেনারেল ব্রেট সিলভিয়া এবং তার পরিবারের প্রতি জয়েন্ট স্টাফের চেয়ারম্যান ও যৌথ বাহিনী কৃতজ্ঞতা প্রকাশ করছে। পাশাপাশি জীবনের নতুন সুযোগ ও ভবিষ্যৎ অধ্যায়ের জন্য তার প্রতি শুভকামনা জানানো হয়। তবে অত্যন্ত সংবেদনশীল এই পদে থাকা সত্ত্বেও সিলভিয়াকে সুনির্দিষ্ট ঠিক কী কারণে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, সে বিষয়ে পেন্টাগনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো কারণ জানানো হয়নি।

বিশ্লেষকদের মতে, অত্যন্ত স্পর্শকাতর এক ভূরাজনৈতিক সময়ে এই সামরিক রদবদল ঘটল। গত চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করার পর থেকেই মধ্যপ্রাচ্যে দীর্ঘ আট মাস ধরে যুদ্ধাবস্থা চলছে। এরই মাঝে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর নতুন করে পূর্ণাঙ্গ হামলা চালানোর বিষয়টি নতুন করে বিবেচনা করছেন।

ট্রাম্প ইতোমধ্যে ইঙ্গিত দিয়েছেন যে, যুক্তরাষ্ট্রকে হয়তো তেহরানের বিরুদ্ধে ‘কাজ শেষ করতে হবে’ অথবা কোনো কূটনৈতিক চুক্তিতে পৌঁছাতে হবে। এমন উত্তপ্ত যুদ্ধাবস্থা ও সামরিক নীতি নির্ধারণের মুহূর্তে পেন্টাগনের শীর্ষ কৌশলগত পরিকল্পনাকারীকে বরখাস্ত করার ঘটনা মার্কিন সামরিক ও রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ট্রাম্প প্রশাসনের আমলে বরখাস্ত হওয়া উচ্চপদস্থ সামরিক জেনারেলদের তালিকায় এটিই সর্বশেষ বড় ঘটনা।

সকালবেলা / নুসরাত