দেশের এক ইঞ্চি মাটিতেও কারো প্রভুত্ব মানা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
বিশেষ প্রতিনিধি: বহির্বিশ্বে বাংলাদেশের অনেক বন্ধু থাকবে, কিন্তু কোনো প্রভু থাকবে না উল্লেখ করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, দেশের এক ইঞ্চি মাটির ওপরও কারো প্রভুত্ব মেনে নেওয়া হবে না। আমাদের দেশ আয়তনে ছোট হতে পারে, তবে ভৌগোলিক অবস্থানের কারণে এর গুরুত্ব অনেক।
শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় নরসিংদীর মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অসহায় ও কর্মজীবী নারী এবং কৃতী শিক্ষার্থীদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের নিরাপত্তা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সরকার দৃঢ়প্রতিজ্ঞ। নারীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের বিশেষ উদ্যোগ নিয়েছে। এসব মিডওয়াইফ প্রত্যন্ত অঞ্চলে নারীদের স্তন ও জরায়ুমুখের ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগের প্রাথমিক শনাক্তকরণ, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং চিকিৎসাসেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
তিনি আরও উল্লেখ করেন, স্তন ও জরায়ুমুখের ক্যান্সার প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে সঠিক চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। এ লক্ষ্যে সচেতনতা বাড়াতে সরকারি-বেসরকারি পর্যায়ে শিক্ষিকা ও নারী শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের পাশাপাশি জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে মাধ্যমিক পর্যায়ে টিকাদান কর্মসূচি জোরদার করা হয়েছে।
মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বেলাব উপজেলা নির্বাহী অফিসার লাইলাতুল হোসেন, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর বাদশা এবং স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে স্বাস্থ্যমন্ত্রী ৩০০ জন অসহায় নারী ও কৃতী শিক্ষার্থীদের মাঝে সেলাই মেশিন এবং ফলদ বৃক্ষ বিতরণ করেন।
এআইএল/সকালবেলা