ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
অনলাইন ডেস্ক: ২০২৪ সালের ৫ আগস্টের পটপরিবর্তনের পর দেশের যেসব শিল্প-কারখানা বন্ধ হয়ে গিয়েছিল, সেগুলো পুনরায় চালু করার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার (৪ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের (এআইআইবি) প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।
অর্থমন্ত্রী বলেন, “৫ আগস্টের পর যেসব শিল্প-কারখানা বন্ধ হয়েছে, তা দ্রুত সময়ের মধ্যে চালু করার উদ্যোগ নেওয়া হবে। দেশের উৎপাদনশীলতা ও কর্মসংস্থান বজায় রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।”
প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা কাউন্সিলের প্রথম বৈঠকে ব্যবসায়ীরা বেশ কিছু সুনির্দিষ্ট দাবি জানিয়েছেন:
নিরবচ্ছিন্ন জ্বালানি: কলকারখানা সচল রাখতে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের নিশ্চয়তা চেয়েছেন উদ্যোক্তারা।
সৌরবিদ্যুৎ: নবায়নযোগ্য জ্বালানি বা সৌরবিদ্যুৎ ব্যবহারে সরকারি নীতি সহায়তা ও প্রণোদনার দাবি জানানো হয়েছে।
ই-ভিসা চালু: বিদেশি বিনিয়োগকারী ও পর্যটকদের যাতায়াত সহজ করতে বিমানবন্দরে ঝামেলামুক্ত ই-ভিসা চালুর ওপর জোর দেওয়া হয়েছে।
বৈঠকে ব্যাংক ঋণের সুদহার কমানো এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কারের দাবি তোলেন ব্যবসায়ীরা। তারা বলেন, নির্দিষ্ট কিছু ব্যবসায়ীর ওপর করের বোঝা না চাপিয়ে করের আওতা বাড়ানো প্রয়োজন। এছাড়া মাঝারি উদ্যোক্তাদের রপ্তানিতে উৎসাহিত করতে লাইসেন্স প্রাপ্তি সহজ করার এবং গভীর সমুদ্রবন্দর দ্রুত চালুর আহ্বান জানানো হয়।
চলমান ইরান যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার প্রভাব বাংলাদেশের অর্থনীতিতেও পড়ছে। তবে অর্থমন্ত্রী আশ্বস্ত করেছেন যে, সরকার আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর সাথে সমন্বয় করে এই সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করছে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ