ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
শিবগঞ্জ (বগুড়া) প্রতিবেদক: বগুড়ার শিবগঞ্জ উপজেলায় নিজ বাড়িতে শাহানাজ বেগম (৭০) নামে এক বৃদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত শাহানাজ বেগম কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল অফিসার এবং মৃত আবুল খালেকের স্ত্রী। গত শনিবার (৪ এপ্রিল) রাতে উপজেলার মহব্বত নন্দীপুর গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা বাড়ির ভেতরে প্রবেশ করে শাহানাজ বেগমের ওপর হামলা চালায়। ছুরিকাঘাতে তিনি গুরুতর আহত হলে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের স্বামী আগে থেকেই মৃত হওয়ায় তিনি ওই বাড়িতে একাই থাকতেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে রাতেই শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যার কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম কাজ করছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ