ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: হাম রোগের ভয়াবহতা করোনার চেয়ে কোনো অংশে কম নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানিয়েছেন, এই সংক্রমণ রুখতে আগামী ৩ মে থেকে সারা দেশে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হবে। আজ রবিবার (৫ এপ্রিল) সকালে ঢাকার নবাবগঞ্জে হামের বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, "টিকাদান কেন্দ্রের নিয়ম অনুযায়ী নির্ধারিত বয়সের সব শিশুকে হামের টিকা দেওয়া হবে। টিকার পাশাপাশি শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুলও খাওয়ানো হবে।" তিনি আরও জানান, আগামী রবিবার থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ ময়মনসিংহ ও বরিশাল জেলায় এই বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হবে। শিশুদের মধ্যে হামের সংক্রমণ দ্রুত বাড়তে থাকায় সরকার জরুরি ভিত্তিতে এই পদক্ষেপ নিয়েছে বলে স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেন, "সরকার অত্যন্ত দ্রুতগতিতে পদক্ষেপ নিয়েছে। যেখানেই ঘাটতি আছে, আমরা তা পূরণের দায়িত্ব নিয়েছি। টিকাদান কর্মসূচি শুরু হয়েছে এবং এটি অব্যাহত থাকবে।" তিনি দেশের সকল নাগরিককে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, যত বেশি শিশু টিকার আওতায় আসবে, দেশ তত বেশি নিরাপদ থাকবে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিকল্পনা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রাভুক্ত সকল শিশুকে টিকার আওতায় এনে হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আনার লক্ষ্য রয়েছে সরকারের। ৫ বছরের কম বয়সী সকল শিশুকে এই সুরক্ষা বলয়ে যুক্ত করতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ