ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদ থেকে বের হওয়া ঐতিহ্যবাহী ‘মঙ্গল শোভাযাত্রা’র নাম পরিবর্তন করা হয়েছে। এ বছর থেকে এটি ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে পরিচিত হবে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। আজ রবিবার (৫ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
বাংলা নববর্ষ এবং পাহাড়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের বৈসাবি উৎসবসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর নববর্ষ উদযাপনের কর্মসূচি নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। মন্ত্রী জানান, বৈশাখের উৎসবকে আরও সর্বজনীন এবং সকল ধর্ম-বর্ণের মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলতেই এই নামকরণ করা হয়েছে। এবার থেকে চারুকলাসহ সারা দেশের সকল পর্যায়ের শোভাযাত্রা ‘বৈশাখী শোভাযাত্রা’ নামেই অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে সংস্কৃতিমন্ত্রী আরও বলেন, চাকমা, মারমা, ত্রিপুরা, গারোসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি ও নববর্ষের ঐতিহ্যকে গুরুত্ব দিয়ে সরকার জাতীয় পর্যায়ে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব এবং এই উৎসবে বৈচিত্র্যময় জাতিগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। শোভাযাত্রার নাম পরিবর্তনের মাধ্যমে উৎসবের সর্বজনীন রূপটি আরও জোরালো হবে বলে সরকার মনে করে।
উল্লেখ্য, ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পাওয়া এই শোভাযাত্রার নাম পরিবর্তনের বিষয়টি নিয়ে এরই মধ্যে সাংস্কৃতিক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। বিস্তারিত কর্মসূচি পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলে সংস্কৃতি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ