ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
কেরানীগঞ্জ প্রতিনিধি: কেরানীগঞ্জের কদমতলী এলাকায় একটি গ্যাস লাইট কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহত শ্রমিকদের জন্য আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শনিবার (৪ এপ্রিল ২০২৬) দুর্ঘটনাকবলিত কারখানা পরিদর্শন শেষে তিনি এই ঘোষণা দেন।
পরিদর্শনকালে মন্ত্রী নিহত ও আহত শ্রমিকদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন। তিনি জানান:
নিহতদের পরিবার: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিল থেকে প্রত্যেক মৃত শ্রমিকের পরিবারকে ২ লাখ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে।
আহত শ্রমিক: চিকিৎসাধীন প্রত্যেক আহত শ্রমিককে চিকিৎসার জন্য সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হবে।
কারখানা পরিদর্শন শেষে মন্ত্রী সরাসরি শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান। সেখানে তিনি দগ্ধ শ্রমিকদের শয্যাপাশে কিছু সময় অতিবাহিত করেন এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন। আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন এবং সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন ও দায়ীদের চিহ্নিত করতে কঠোর পদক্ষেপ নিয়েছেন মন্ত্রী। তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবের নেতৃত্বে ৫ সদস্য বিশিষ্ট একটি উচ্চপর্যায়ি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। কমিটিকে আগামী ৫ কার্যদিবসের মধ্যে বিস্তারিত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। পাশাপাশি ঢাকা জেলা প্রশাসককেও পৃথক একটি প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন তিনি।
গণমাধ্যমের সাথে আলাপকালে আরিফুল হক চৌধুরী বলেন, “শ্রমিকদের কল্যাণে বর্তমান সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক শ্রমিকদের নিরাপত্তা ও ভাগ্য উন্নয়নে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। কোনো শ্রমিকের জীবন যেন অবহেলার কারণে বিপন্ন না হয়, সে বিষয়ে আমরা কঠোর অবস্থান গ্রহণ করছি।”
পরিদর্শনকালে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ