দিনাজপুরে বিজিবির অভিযানে মাদকসহ আটক ২

দিনাজপুরে বিজিবির অভিযানে মাদকসহ আটক ২

মোঃ তাজুল ইসলাম, দিনাজপুর: দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর পৃথক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার ও দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করে জেলহাজতে পাঠানো হয়েছে।

শনিবার (৪ এপ্রিল ২০২৬) রাত পৌনে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৪২ বিজিবির অধীনস্থ বৈরচুনা বিওপি’র একটি টহল দল ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বৈরচুনা শ্মশানঘাট এলাকায় অভিযান চালায়। সীমান্ত মেইন পিলার ৩৩৭ হতে ২.৫ কিলোমিটার ভেতরে চালানো এই অভিযানে মালিকবিহীন অবস্থায় ৩৬ হাজার টাকা মূল্যের ১২০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

এছাড়া অপর এক অভিযানে ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে ২৪ হাজার টাকা মূল্যের ৬০ বোতল ভারতীয় ফেন্সিডিল জাতীয় মাদকদ্রব্য (স্কাফ সিরাপ) উদ্ধার করেছে বিজিবি।

পীরগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে মাদক ও একটি মোটরসাইকেলসহ দুইজনকে হাতেনাতে আটক করে বিজিবি সদস্যরা। আটককৃতরা হলেন: ১. বাবুল ইসলাম (৩৫): পীরগঞ্জ থানার মৃত রফিকুলের ছেলে। ২. মুক্তারুল ইসলাম (২১): বৈরচুনা গ্রামের মফিজ উদ্দীনের ছেলে।

আটককৃতদের পীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এন এম ইশফাকুল কবীর-এর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। সাজাপ্রাপ্তদের পীরগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে এবং জব্দকৃত মাদক ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতে আরও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন