ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মাঝেই যুক্তরাষ্ট্রের ৭৯ বছর বয়সি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র গুঞ্জন ছড়িয়ে পড়ে। তাকে মেরিল্যান্ডের ‘ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে’ ভর্তি করা হয়েছে বলে যে জল্পনা তৈরি হয়েছিল, হোয়াইট হাউস তাকে নিছকই ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছে।
শনিবার (৪ এপ্রিল) সকালে প্রেসিডেন্টের দৈনন্দিন সূচিতে কেবল ‘এক্সিকিউটিভ টাইম’ (ব্যক্তিগত সময়) বরাদ্দ রাখা হয়। এরপর দ্রুতই হোয়াইট হাউস থেকে ‘লিড’ (Lid) ঘোষণা করা হয়, যার অর্থ সেদিন প্রেসিডেন্ট আর জনসম্মুখে আসবেন না। সপ্তাহান্তের ছুটিতে ট্রাম্পের মতো কর্মচঞ্চল একজন ব্যক্তির এমন হঠাৎ অনুপস্থিতি এবং এক ধারাভাষ্যকারের পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব আগুনের মতো ছড়িয়ে পড়ে। গুঞ্জন ওঠে, ওয়াল্টার রিড হাসপাতালের চারপাশের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে এবং প্রেসিডেন্টকে সেখানে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।
এই জল্পনা ছড়িয়ে পড়ার পরপরই হোয়াইট হাউসের র্যাপিড রেসপন্স টিম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করে জানায়, “উন্মাদ লিবারেলরা যখন দেখে প্রেসিডেন্ট ১২ ঘণ্টা গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন না, তখনই তারা এমন সব পাগলামিপূর্ণ ষড়যন্ত্র তত্ত্ব আবিষ্কার করে। ভয় পাবেন না! প্রেসিডেন্ট ট্রাম্প আক্ষরিক অর্থেই এক মুহূর্তের জন্য কাজ থামান না।”
এ বিষয়ে হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চুং এক বিবৃতিতে জানান, ট্রাম্প ইস্টার ছুটির পুরোটা সময় ওভাল অফিসে বিরতিহীনভাবে কাজ করছেন। এছাড়া ওয়েস্ট উইংয়ের সামনে মেরিন সেন্ট্রির উপস্থিতি প্রমাণ করে যে, প্রেসিডেন্ট ভবনের ভেতরেই আছেন এবং নিজের দায়িত্ব পালন করছেন।
গুজবের সত্যতা যাচাই: বিভিন্ন ফ্যাক্ট-চেকার এবং সংবাদমাধ্যম হাসপাতালের সামনে কোনো অতিরিক্ত নিরাপত্তা বা প্রেসিডেন্টের গাড়িবহর দেখতে পায়নি। ফলে ট্রাম্পের হাসপাতালে ভর্তির দাবির কোনো নির্ভরযোগ্য প্রমাণ মেলেনি। তবে ৭৯ বছর বয়সি ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম বয়োজ্যেষ্ঠ প্রেসিডেন্ট হওয়ায় তার স্বাস্থ্য নিয়ে জনমনে সবসময়ই বাড়তি কৌতূহল কাজ করে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ