ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
প্রতিবেদক: শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা বিএম মোজাম্মেল হক চাঁদাবাজির একটি মামলায় আদালত থেকে খালাস পেয়েছেন।
রোববার (৫ এপ্রিল ২০২৬) ঢাকার ১৪ নম্বর মহানগর দায়রা জজ আদালতের বিচারক মাহমুদা আক্তার এই আদেশ দেন।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ২৪ আগস্ট ব্যবসায়ী খলিলুর রহমান সাবেক এই এমপির বিরুদ্ধে আদালতে চাঁদাবাজির মামলা দায়ের করেছিলেন। গত ১ এপ্রিল এই মামলায় অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। তবে শুনানির একপর্যায়ে মামলার বাদী খলিলুর রহমান আদালতকে জানান, বিএম মোজাম্মেল হক খালাস পেলে তার কোনো আপত্তি নেই। বাদীর এমন অনাপত্তিমূলক বক্তব্যের পর আদালত রায়ের জন্য ৫ এপ্রিল দিন ধার্য করেন।
নির্ধারিত দিনে রোববার আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তার উপস্থিতিতেই বিচারক খালাসের রায় ঘোষণা করেন। তবে খালাস পেলেও এখনই মুক্তি পাচ্ছেন না এই সাবেক সংসদ সদস্য। তার আইনজীবী মো. লিটন মিয়া জানান, বিএম মোজাম্মেল হকের বিরুদ্ধে আরও একাধিক মামলা থাকায় রায় ঘোষণার পর তাকে পুনরায় কারাগারে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছিল, ২০১৪ সালের জাতীয় নির্বাচনের আগে বিএম মোজাম্মেল হক আওয়ামী ও ছাত্রলীগের নেতাকর্মীদের মাধ্যমে ব্যবসায়ী খলিলুর রহমানকে ধানমন্ডির অফিসে ডেকে নেন। সেখানে নির্বাচনি খরচের কথা বলে তার কাছে ২৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় এবং তিন দিনের মধ্যে টাকা না দিলে তাকে ‘গুম করার’ হুমকি দেওয়া হয়। এছাড়াও শরীয়তপুরে তার ব্যবসা বন্ধ করতে বাধ্য করার অভিযোগও আনা হয়েছিল।
উল্লেখ্য, গত বছরের ৫ অক্টোবর ঢাকার নিকেতন এলাকা থেকে বিএম মোজাম্মেল হককে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ