ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ভূমধ্যসাগরে ইসরাইলি নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে।
আজ রবিবার (৫ এপ্রিল) গোষ্ঠীটির পক্ষ থেকে জানানো হয়, লেবানন উপকূল থেকে ৬৮ নটিক্যাল মাইল দূরে অবস্থানরত একটি ইসরাইলি সামরিক জাহাজকে লক্ষ্যবস্তু করেছে তাদের যোদ্ধারা।
হিজবুল্লাহর একটি আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, এই হামলায় তারা একটি অত্যাধুনিক নেভাল ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। কয়েক ঘণ্টা নিবিড় নজরদারির পর নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত হানার বিষয়টি নিশ্চিত করেছে গোষ্ঠীটি।
লেবানিজ গোষ্ঠীটি দাবি করেছে, উক্ত যুদ্ধজাহাজটি ‘লেবানিজ ভূখণ্ডে বড় ধরনের আগ্রাসন’ চালানোর প্রস্তুতি নিচ্ছিল। সম্ভাব্য সেই হামলা নস্যাৎ করতেই এই প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়।
আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা-র তথ্যমতে, এই হামলার পর সাগরে ইসরাইলি নৌবাহিনীর ব্যাপক তৎপরতা লক্ষ করা গেছে। তবে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) পক্ষ থেকে জাহাজটির ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
সাম্প্রতিক সময়ে লেবানন-ইসরাইল সীমান্তে উত্তেজনা চরমে পৌঁছেছে। আকাশপথের পাশাপাশি সমুদ্রপথেও হিজবুল্লাহর এই ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা মধ্যপ্রাচ্য যুদ্ধের সমীকরণকে আরও জটিল করে তুলবে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ