ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: দেশে হামের প্রাদুর্ভাব আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় সংক্রমণের 'হটস্পট' হিসেবে চিহ্নিত ১৮টি জেলার ৩০টি নির্বাচিত উপজেলায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।
আজ রবিবার (৫ এপ্রিল) সকাল ৮টা থেকে এই জরুরি কার্যক্রম একযোগে শুরু হয়। ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের এই কর্মসূচির আওতায় টিকা দেওয়া হচ্ছে। শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত আগামী তিন সপ্তাহ প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারিত কেন্দ্রে শিশুদের টিকা দেওয়া হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৪ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে ৬ হাজার ৪৭৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে নিশ্চিতভাবে ১৬ জন এবং উপসর্গ নিয়ে আরও ৯৮ জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় গতকাল শনিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন এই বিশেষ কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, সংক্রমণ নিয়ন্ত্রণে বিশেষজ্ঞ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আপাতত ৩০টি উপজেলা নির্ধারণ করা হয়েছে। টিকা দেওয়ার পাশাপাশি আক্রান্ত শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুলও খাওয়ানো হবে।
আজ রবিবার সকালে স্বাস্থ্যমন্ত্রী ঢাকার নবাবগঞ্জে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে, স্বাস্থ্য প্রতিমন্ত্রী পাবনা সদরে এবং স্বাস্থ্য সচিব গাজীপুরে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। কর্মসূচির আওতায় থাকা উল্লেখযোগ্য উপজেলাগুলোর মধ্যে রয়েছে—বরগুনা সদর, বরিশালের মেহেন্দীগঞ্জ, ঝালকাঠির নলছিটি, চাঁদপুর সদর, কক্সবাজারের মহেশখালী ও রামু, মুন্সীগঞ্জ সদর এবং রাজশাহীর গোদাগাড়ীসহ মোট ৩০টি এলাকা।
স্বাস্থ্যমন্ত্রী অভিভাবকদের অনুরোধ জানিয়ে বলেন, ৫ বছরের কম বয়সী সব শিশুকে নির্ধারিত কেন্দ্রে নিয়ে আসতে হবে, তারা আগে টিকা নিয়ে থাকুক বা না থাকুক। তবে যেসব শিশু বর্তমানে জ্বরে আক্রান্ত বা অসুস্থ, তাদের সুস্থ হওয়ার পর টিকা দেওয়া হবে। গত ২৪ ঘণ্টায় (৩ এপ্রিল সকাল ৮টা থেকে ৪ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত) সারা দেশে নতুন করে আরও ৭৮৭ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে স্বাস্থ্য অধিদপ্তর নিশ্চিত করেছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ