১৬ জেলায় সন্ধ্যায় কালবৈশাখীর শঙ্কা

১৬ জেলায় সন্ধ্যায় কালবৈশাখীর শঙ্কা

অনলাইন ডেস্ক: রাজধানী ঢাকাসহ দেশের ১৬টি জেলায় আজ সন্ধ্যার মধ্যে ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঝোড়ো হাওয়ার আশঙ্কায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

রবিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক বিশেষ পূর্বাভাসে বলা হয়েছে— রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, ঝোড়ো আবহাওয়ার কারণে এসব এলাকার নদীবন্দরে চলাচলরত ছোট নৌযানগুলোকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে এবং নৌ-দুর্ঘটনা এড়াতে ১ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি করা হয়েছে।

দেশের কোথাও কোথাও তীব্র তাপদাহ বয়ে গেলেও এই আকস্মিক ঝোড়ো হাওয়া ও বৃষ্টি জনজীবনে কিছুটা স্বস্তি আনবে বলে মনে করা হচ্ছে। তবে ঝড়ের সময় বজ্রপাত থেকে বাঁচতে সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন