শাহজাদপুরে লরির ধাক্কায় পশু চিকিৎসকের মৃত্যু

শাহজাদপুরে লরির ধাক্কায় পশু চিকিৎসকের মৃত্যু

মো. আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্যাঙ্কলরির ধাক্কায় সঞ্জয় কুমার সূত্রধর ওরফে জীবন (৩০) নামে এক পশু চিকিৎসক নিহত হয়েছেন। 

রবিবার (৫ এপ্রিল ২০২৬) সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের বাঘাবাড়ি বড়াল ব্রিজের উত্তর পাশে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত সঞ্জয় সূত্রধর পাবনা জেলার বেড়া উপজেলার করমজা গ্রামের দীনেশ সূত্রধরের পুত্র। প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকালে বাঘাবাড়ি নৌবন্দর এলাকা থেকে তেল উত্তোলনের জন্য একটি ট্যাঙ্কলরি পাবনা থেকে আসছিল। একই দিক থেকে যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা আসছিল। বড়াল ব্রিজের দক্ষিণ পাশে অতিরিক্ত যানজটের কারণে সিএনজিটি গতি থামালে পেছন থেকে আসা ট্যাঙ্কলরি সজোরে ধাক্কা দেয়।

ট্যাঙ্কলরির ধাক্কায় সিএনজি যাত্রী সঞ্জয় কুমার সূত্রধর এবং রিপন বেপারি গুরুতর আহত হন। ঘটনাস্থলে থাকা পথচারীরা তাদের উদ্ধার করে দ্রুত শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সঞ্জয় কুমার সূত্রধরের মৃত্যু হয়। আহত অপর যাত্রীর চিকিৎসা চলছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম জানান, বাঘাবাড়িতে সিএনজি ও ট্যাঙ্কলরির সংঘর্ষে সঞ্জয় কুমার সূত্রধর নামে একজন নিহত হয়েছেন। ঘাতক ট্যাঙ্কলরি ও সিএনজিটি পুলিশ হেফাজতে নেওয়ার প্রক্রিয়া চলছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন