ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ হুমায়ুন কবীর, ময়মনসিংহ: ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের নির্বাচনে কারচুপির অভিযোগ আমলে নিয়ে সংশ্লিষ্ট ব্যালট পেপার ও ফলাফল শিট (রেজাল্ট শিট) নির্বাচন কমিশনকে (ইসি) নিজস্ব হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এই আসনের পরাজিত প্রার্থী ও বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সের আবেদনের প্রেক্ষিতে আদালত এই আদেশ দেন।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে বিচারপতি জাকির হোসেনের নেতৃত্বাধীন নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল এই নির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে আদালত এই আসনের বিজয়ী প্রার্থী সালমান ওমর রুবেলকে নোটিশ জারি করে বিষয়টি অবহিত করেছেন। আবেদনকারীর আইনজীবী হিসেবে মামলাটি পরিচালনা করেন ব্যারিস্টার মো. মোক্তাদির রহমান।
সৈয়দ এমরান সালেহ প্রিন্স খবরের সত্যতা নিশ্চিত করে জানান, নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ উত্থাপন করে তিনি আদালতের দ্বারস্থ হয়েছিলেন। আদালত নির্বাচনী সরঞ্জামাদি সুরক্ষায় ইসিকে ব্যবস্থা নিতে বলেছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এর মাধ্যমে প্রকৃত সত্য দ্রুত বেরিয়ে আসবে।
এ বিষয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলীনূর খান জানান, ব্যালট পেপার ও রেজাল্ট শিট ইতোমধ্যে রিটার্নিং কর্মকর্তার দপ্তরে জমা দেওয়া হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, সদ্য সমাপ্ত নির্বাচনে এই আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স ১ লাখ ১ হাজার ৯২৬ ভোট পেয়েছিলেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী সালমান ওমর রুবেল ঘোড়া প্রতীকে ১ লাখ ৮ হাজার ২৬৫ ভোট পেয়ে জয়ী হন।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ