এমপির স্ত্রীকে প্রধান অতিথি করায় বিতর্ক: ইউএনও ও এসিল্যান্ড একযোগে বদলি

এমপির স্ত্রীকে প্রধান অতিথি করায় বিতর্ক: ইউএনও ও এসিল্যান্ড একযোগে বদলি

মোঃ ইউসুফ, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. রেজা কিবরিয়ার সহধর্মিণী সিমি কিবরিয়াকে সরকারি অনুষ্ঠানে প্রধান অতিথি করার ঘটনায় তৈরি হওয়া বিতর্কের মাঝেই বাহুবলের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী কমিশনারের (ভূমি) বদলির প্রজ্ঞাপন জারি হয়েছে। একই দিনে দুই শীর্ষ কর্মকর্তার এই আকস্মিক বদলি নিয়ে জেলাজুড়ে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের সংস্থাপন শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে বাহুবলের ইউএনও লিটন চন্দ্র দে-কে বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। অন্যদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আদেশে এসিল্যান্ড মাহবুবুল ইসলামকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

গত ২৬ ফেব্রুয়ারি বাহুবল উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্যের স্ত্রী সিমি কিবরিয়া। ওই সভায় তাঁর পাশে ইউএনও, থানার ওসি এবং এসিল্যান্ডের বসে থাকার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। এর আগে নবীগঞ্জ উপজেলা পরিষদের এক সভায় সংসদ সদস্য ড. রেজা কিবরিয়া উপস্থিত থাকলেও তিনি সভাস্থল ত্যাগ করার পর তাঁর স্ত্রী প্রধান অতিথির আসনে বসে বক্তব্য দেন। এমনকি তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন, যেখানে প্রশাসনের কর্মকর্তারা তাঁর সঙ্গে ছিলেন।

বিশেষজ্ঞদের মতে, সরকারি কার্যবিধি অনুযায়ী প্রশাসনের আনুষ্ঠানিক সভা বা দপ্তর পরিদর্শনে কেবল নির্বাচিত জনপ্রতিনিধি বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাই অংশ নিতে পারেন। সংসদ সদস্যের স্ত্রী কোনো সাংবিধানিক পদধারী না হওয়া সত্ত্বেও তাঁকে প্রধান অতিথি করা এবং কর্মকর্তাদের প্রটোকল দেওয়াকে প্রশাসনিক নিরপেক্ষতার লঙ্ঘন হিসেবে দেখছেন স্থানীয়রা।

যদিও বদলির আদেশে এই ঘটনার কোনো সরাসরি উল্লেখ নেই, তবে বিতর্কের ঠিক পরপরই এই পদক্ষেপকে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে দেখছেন অনেকে। হবিগঞ্জের সচেতন মহলের দাবি, অতীতে কোনো সংসদ সদস্যের স্ত্রীকে ঘিরে এমন প্রশাসনিক তৎপরতা জেলায় দেখা যায়নি।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন